জ্যাকসের অলরাউন্ড নৈপুণ্যে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো ইংল্যান্ড

অলরাউন্ডার উইল জ্যাকসের ক্যারিয়ারসেরা বোলিং ও দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৮৯ রানের ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। চেস্টার-লি-স্ট্রিটে আয়োজিত এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তবে পিচ কিছুটা ধীরগতির হওয়ায় রান তোলা সহজ ছিল না। অধিনায়ক হ্যারি ব্রুকের ৬৯ বলে ৬৭ রানের ইনিংস এবং জো রুটের ৫২ বলে ৪৪ রানের ওপর ভর করে শক্ত ভিত পায় দল। এরপর শেষদিকে উইল জ্যাকসের ৪৭ বলে অপরাজিত ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে ৪৮.১ ওভারে ২৬৫ রানে অলআউট হয় ইংল্যান্ড।

শ্রীলঙ্কার পক্ষে ২৮ বছর বয়সী অভিষিক্ত লেগ স্পিনার সাচিন্দু কলম্বাগে ৪৪ রানে ৩ উইকেট নিয়ে নজর কাড়েন, যার শিকার ছিলেন জো রুট ও জস বাটলার (৩১)। এছাড়া পেসার অসিথা ফার্নান্দো ৫৩ রানে ৩ উইকেট নেন।

২৬৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে ৩৭ ওভারে ১৭৬ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। দলের হয়ে অধিনায়ক কুশল মেন্ডিস ৬০ বলে ৪২ রান এবং দুনিথ ওয়েলালাগে ৩৬ বলে ঝড়ো ৪৫ রান করলেও কোনো বড় জুটি গড়ে ওঠেনি।

ইংল্যান্ডের জয়ের মূল নায়ক অফ স্পিনার উইল জ্যাকস ২২ রান দিয়ে একাই তুলে নেন ৫টি উইকেট। খেলার শেষ ওভারে ওয়েলালাগেসহ এক ওভারেই ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার ইনিংসের সমাপ্তি টানেন তিনি।

ম্যাচ শেষে ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক বলেন, উইকেট খুব সহজ ছিল না, তবে যেকোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে জয় তুলে নেওয়াই আমাদের লক্ষ্য ছিল। জ্যাকস একজন অসাধারণ খেলোয়াড়, বল ও ব্যাট হাতে ও দুর্দান্ত কাজ করেছে।

শ্রীলঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস মেনে নেন, বোলাররা প্রথম ইনিংসে ভালো করলেও আমাদের মিডল অর্ডার ব্যাটাররা ভেঙে পড়েছিল। সীমানা হাঁকানোর সুযোগ আরও আগে তৈরি করা দরকার ছিল।

এই জয়ের মাধ্যমে ওয়ানডেতে নিজেদের শেষ ছয় ম্যাচের পাঁচটিতেই জয় পেল ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী বৃহস্পতিবার লিডসে অনুষ্ঠিত হবে।