আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তানে হওয়ার কথা ছিল তিন দলের ওয়ানডে সিরিজ। কিন্তু জিম্বাবুয়ে সফরে যেতে না পারায় সেই ত্রিদেশীয় সিরিজ এখন বাতিলের পথে। পরিবর্তে পাকিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় সাদা বলের সিরিজ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে।
পাকিস্তান সফরে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল। তবে বাণিজ্যিক কারণে জিম্বাবুয়ের সফরটি ভেস্তে গেছে বলে জানিয়েছে ক্রিকইনফো। বিকল্প সময়ে সিরিজ আয়োজনের বিষয়ে জিম্বাবুয়ে ও সংশ্লিষ্ট পক্ষগুলো কাজ করছে বলেও জানা গেছে।
ফলে জানুয়ারির সফরটি এখন পাকিস্তান ও আয়ারল্যান্ডের দ্বিপক্ষীয় সাদা বলের সিরিজে সীমিত হয়ে আসতে পারে। একই সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট আয়োজনের পরিকল্পনাও ছিল। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সেই টেস্ট হওয়ার সম্ভাবনাও কমে গেছে। ক্রিকেট আয়ারল্যান্ডের এক মুখপাত্র ক্রিকইনফোকে বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ক্রিকেট আয়ারল্যান্ড বর্তমানে সফরের নতুন সূচি নিয়ে কাজ করছে। শিগগিরই বিস্তারিত জানানো হবে।
২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ থাকায় পাকিস্তানও ৫০ ওভারের ক্রিকেটে বেশি গুরুত্ব দিচ্ছে। আগামী মাসে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে ঘরের মাঠে আরেকটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা রয়েছে তাদের। এছাড়া বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনের পরিকল্পনাও রয়েছে। আগামী গ্রীষ্মে ইংল্যান্ডের বিপক্ষেও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত হয়েছে।
অন্যদিকে, বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ফেব্রুয়ারিতে বাছাইপর্বে খেলবে আয়ারল্যান্ড। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার আয়োজনে অক্টোবর-নভেম্বরে হওয়ার কথা রয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। তার আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটি আয়ারল্যান্ডের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।