তৃতীয় বিভাগ কোয়ালিফায়ার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম

ঢাকার ক্লাব ক্রিকেটে নতুন মৌসুমের পর্দা উঠেছে। ৭০টি দলের অংশগ্রহণে শুরু হচ্ছে ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফায়ার ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও ট্রফি উন্মোচন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান মইন উদ্দিন চৌধুরী, জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, বিসিবি পরিচালক শানিয়ান তানিম, মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রাব্বানি, জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনসহ ক্রিকেট সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারী ৭০টি ক্লাবের অধিনায়ককে একে একে পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর আগামীর ক্রিকেট তারকাদের অনুপ্রেরণা দিতে মঞ্চে হাজির হন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

দীর্ঘ সময় পর তৃতীয় বিভাগ কোয়ালিফায়ার টুর্নামেন্ট মাঠে ফেরায় উচ্ছ্বাস প্রকাশ করেন মিরাজ। তিনি বলেন, দীর্ঘদিন পর আবার এমন একটি আয়োজন শুরু হওয়ায় ভালো লাগছে। মাঝখানে এই খেলা নিয়মিত হয়নি। নতুন করে টুর্নামেন্ট আয়োজন করায় ক্রিকেট বোর্ডকে কৃতিত্বও দেন তিনি।

ঢাকার ক্লাব ক্রিকেটের বাছাইপর্ব থেকে শুরু করে তৃতীয়, দ্বিতীয় ও প্রথম বিভাগ হয়ে প্রিমিয়ার লিগ, সব স্তরেই খেলার অভিজ্ঞতা রয়েছে মিরাজের। সেই অভিজ্ঞতা থেকেই তরুণ ক্রিকেটারদের সামনে এগিয়ে যাওয়ার বার্তা দেন তিনি।

মিরাজ বলেন, এই টুর্নামেন্ট থেকেই বাংলাদেশের পরবর্তী প্রজন্মের অনেক ক্রিকেটার উঠে আসবে। পারফরম্যান্স করতে পারলে নির্বাচক ও বিসিবির নজরে আসার সুযোগ থাকবে। তাই প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে টুর্নামেন্টে বয়সসীমা নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান মইন উদ্দিন চৌধুরী। এবারের আসরে ২৫ বছরের বেশি বয়সী কোনো ক্রিকেটার অংশ নিতে পারবেন না।

মঈন উদ্দিন বলেন, সর্বোচ্চ বয়সসীমা ২৫ বছর করা হয়েছে। ২৫ বছরের বেশি বয়সী একজন ক্রিকেটারও এখানে খেলতে পারবে না।

এবারের তৃতীয় বিভাগ কোয়ালিফায়ার থেকে দুটি দল পরবর্তী ধাপে উন্নীত হবে। তবে অতীতে এই স্তরের ক্রিকেটে ম্যাচ পাতানোসহ নানা অভিযোগ ওঠায় এবারের আসরে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান।

মঈন উদ্দিন জানান, ম্যাচের সঙ্গে সংশ্লিষ্ট সব বিভাগ এবং আম্পায়ারদের সঙ্গে আলোচনা করা হয়েছে। অনিয়ম ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, কোনো রকম ইনফ্লুয়েন্স বা বড় কারও প্রভাব খাটানোর সুযোগ এখানে থাকবে না। আমরা কোনো সুযোগ দেব না। ইনশাআল্লাহ, ১০০ শতাংশ ফেয়ারলি খেলা হবে।

এমসিএইচ
আরও পড়ুন
সর্বশেষপঠিত