প্রতিপক্ষের চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস!

লা লিগায় ভিয়ারিয়ালের মুখোমুখি হয়ে চরম বিপাকে পড়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচে প্রতিপক্ষ ফুটবলারের চুল টেনে ধরা এবং মেজাজ হারিয়ে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় চার ম্যাচের বড় নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।

স্প্যানিশ ফুটবল শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বলের দখল ছাড়াই চুল টানার কারণে প্রথম দফায় দুই ম্যাচের শাস্তি দেওয়া হয়। এরপর লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় অনাকাক্সিক্ষত আচরণ ও আক্রমণাত্মক মনোভাব প্রদর্শনের জন্য যুক্ত হয় আরও দুই ম্যাচ।

দীর্ঘ এই নিষেধাজ্ঞার ফলে সেভিয়া, বার্সেলোনা, রেসিং সান্তানদের এবং ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না এই ফরোয়ার্ড। ফলে মৌসুমে দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘এল ক্লাসিকো’ মহারণে ভিনিসিয়ুসকে ছাড়াই খেলতে হবে রিয়াল মাদ্রিদকে।

ম্যাচের ৭০তম মিনিটে নাথানিয়েল সালিবার সাথে মাঠের এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়েন ভিনি। প্রাথমিকভাবে বিষয়টি খালি চোখে এড়িয়ে গেলেও, ভিএআর (VAR) প্রযুক্তি দেখে রেফারি দিয়াজ দে মেরা এসকুদেরোস সরাসরি লাল কার্ড প্রদর্শন করেন।

শৃঙ্খলা কমিটির এই দীর্ঘ শাস্তিতে চরম অসন্তোষ প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। শাস্তির মাত্রা অনেক বেশি দাবি করে ক্লাবের পক্ষ থেকে বলা হয়, পুরো ব্যবস্থাটির দুর্বলতাই এই সিদ্ধান্তের মাধ্যমে প্রকাশ পেয়েছে।

নভেম্বরের আন্তর্জাতিক বিরতির পর লা লিগার ১৩তম রাউন্ডে সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে আবারও ফিরতে পারেন ভিনিসিয়ুস। তবে আপাতত লা লিগার বাইরে থেকে কেবল চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলোতেই মনোযোগ দিতে হবে এই তারকাকে।