দ্রুততম মানব ইমরানুর রহমান ২০০ মিটার স্প্রিন্টেও বাজিমাত করলেন। জাতীয় সামার অ্যাথলেটিক্সে ছেলেদের মধ্যে সেরা অ্যাথলেট হয়েছে ইংল্যান্ড প্রবাসী এই দৌড়বিদ। দ্রুততম মানবী হওয়া শিরিন আক্তারও জিতেছেন ২০০ মিটার দৌড়ে কিন্তু বিচারকদের দৃষ্টিতে নারী বিভাগে সেরা অ্যাথলেট হয়েছেন প্রিয়া আক্তার।
পল্টনের জাতীয় স্টেডিয়ামে রোববার (২৫ অক্টোবর) শেষ হলো তিন দিনব্যাপী কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। এবারের আসর দেখেছে নয়টি জাতীয় রেকর্ড। ২১টি সোনা, ২০টি রুপা ও ১৯ ব্রোঞ্জসহ মোট ৬০টি পদক জিতে দলগত সেরা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ১৮টি সোনা, ১৭টি রুপা ও ১০টি ব্রোঞ্জসহ মোট ৪৫টি পদক নিয়ে পদক তালিকায় দ্বিতীয় বাংলাদেশ নৌবাহিনী। ১টি সোনা ও ৩টি ব্রোঞ্জসহ মোট ৪টি পদক নিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি।
১০০মিটার, ২০০মিটার ও ১০০মিটার রিলেতে সোনা জেতা ইমরানুর পেয়েছেন আসরে সেরা অ্যাথলেটের পুরষ্কার ১০০সিসি ইলেট্রনিক্স মোটরসাইকেল। ৮০০, ১৫০০ ও ৩০০০ হাজার মিটার দৌড়ে সোনা জিতে সেরা মহিলা অ্যাথলেট হওয়া প্রিয়া পেয়েছেন ৮০ হাজার টাকা অর্থ পুরস্কার। ১৫০০ ও ৩০০০ হাজার মিটারে নতুন জাতীয় রেকর্ড গড়েন প্রিয়া।
প্রতিযোগিতার শেষ দিনে ১০টি ইভেন্ট হয়েছে। ২০০ মিটার স্প্রিন্টে ২১ দশমিক ১৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন ইমরানুর। এই ইভেন্টে মেয়েদের বিভাগে রেকর্ড গড়ে সোনা জেতেন নৌবাহিনীর শিরিন (২৪ দশমিক ৩৪ সেকেন্ড)। ২০২৪ সালে নিজের গড়া ২৪ দশমকি ৬৮ সেকেন্ড টাইমিংয়ের রেকর্ডটি তিনি ভাঙেন।
পুরুষদের ১০হাজার মিটার দৌড়ে সেনাবহিনীর সোহানুর রহমান (৩৩ মিনিট ১২ দশমিক ৪০ সেকেন্ড), পুরুষদের ৮০০মিটার দৌড়ে ১ মিনিট ৫৩ দশমিক ৫৩ সেকেন্ড সময় নিয়ে মোশারফ হোসেন; ৮০০মিটার মহিলা ইভেন্টে ২ মিনিট ১৭ মিনিট ৮৮ সেকেন্ড সময় নিয়ে পাপিয়া আক্তার প্রথম হয়েছেন। মহিলাদের ৪০০মিটার রিলেতে ৩ মিনিট ৪৮ দশমিক ৬ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়ে সেরা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। দলটির হয়ে দৌড়ান শিরিন আক্তার, সুমাইয়া আক্তার, নুসরাত জাহান রুনা ও সুমাইয়া দেওয়ান।
প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।