গাজার যুদ্ধাহত ও অসুস্থ শিশুদের চিকিৎসায় এক লাখ পাউন্ডের বেশি অনুদান সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এই মানবিক অর্জনের কথা নিজেই প্রকাশ করেছেন তিনি।
সংগৃহীত এই বিশাল তহবিল সম্পূর্ণভাবে ব্যয় করা হবে গাজার অবরুদ্ধ ও গুরুতর অসুস্থ শিশুদের উন্নত চিকিৎসার জন্য। বিশেষ করে, জটিল সমস্যায় আক্রান্ত শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতেই এই অর্থ ব্যবহার করা হবে।
এই মহৎ উদ্যোগ সফল করতে যারা বিভিন্নভাবে অর্থ দিয়ে এবং আয়োজনে অংশ নিয়ে সহায়তা করেছেন, তাদের সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হামজা। পাশাপাশি, এই আয়োজনটি বাস্তবায়নে দীর্ঘ সময় ধরে পাশে থাকার জন্য ‘নুজুম স্পোর্টস’ নামক প্রতিষ্ঠানটিকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি।
সব জমানো তহবিল পাঠানো হবে ফিলিস্তিনে শিশুদের নিয়ে কাজ করা স্বনামধন্য সংস্থা ‘চিলড্রেন নট নাম্বার্স’-এর কাছে। এই সংস্থার প্রত্যক্ষ তত্ত্বাবধানেই অসুস্থ শিশুদের স্থানান্তর ও চিকিৎসার প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হবে।
এই মানবিক সাফল্য সত্ত্বেও হামজা মনে করেন, গাজার মানুষের সীমাহীন দুর্ভোগের তুলনায় এই সহায়তা অত্যন্ত অপ্রতুল। তবে তার দৃঢ় বিশ্বাস, ছোট ছোট ইতিবাচক পদক্ষেপও সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম।
পোস্টের শেষ পর্যায়ে ফিলিস্তিনের মজলুম মানুষের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা করেছেন এই খ্যাতিমান ফুটবলার। চলমান কষ্ট লাঘবের পাশাপাশি তিনি ফিলিস্তিনের বুকে স্থায়ী শান্তি, ধৈর্য ও শক্তি কামনা করেছেন।