আমরা এখানে কাউকে ভয় পেতে আসিনি: হামজা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পিএম

শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে খেলতে ভয় পাচ্ছেন না বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী। বরং র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে ম্যাচগুলোকে নিজেদের সামর্থ্য যাচাই এবং অভিজ্ঞতা অর্জনের বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি।

জাকার্তায় আজ বিকেলে লাওস ও ব্রুনাইয়ের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ফিফা আসিয়ান কাপ। আগামীকাল বিকেল ৩টায় মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসরে অভিযান শুরু করবে বাংলাদেশ। প্রতিযোগিতার ডিভিশন-১-এ খেলছে হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়ার দল। গ্রুপের প্রায় সব প্রতিপক্ষই ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও সেটিকে চাপ হিসেবে দেখছেন না হামজা।

গত ২০ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছায় বাংলাদেশ দল। পরদিন ইংল্যান্ড থেকে সরাসরি জাকার্তায় গিয়ে দলের সঙ্গে যোগ দেন শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার। দলের সঙ্গে অনুশীলন শেষে গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রত্যাশার কথা জানান তিনি।

হামজা বলেন, ‘আমরা এখানে কাউকে ভয় পেতে আসিনি। আমরা জানি, আমাদের সামর্থ্য কতটুকু। এটি আমাদের জন্য শেখার সুযোগ। এখানে যতটা সম্ভব অভিজ্ঞতা অর্জন করতে এসেছি। আশা করি, এর মাধ্যমে আমাদের দেশকে গর্বিত করতে পারব।’

আসরে অংশ নিতে পেরে নিজের আনন্দের কথাও জানান হামজা। একই সঙ্গে ইন্দোনেশিয়ায় পাওয়া আতিথেয়তা ও সুযোগ-সুবিধায় সন্তুষ্ট তিনি। স্থানীয় মানুষের বন্ধুত্বপূর্ণ আচরণ এবং দেশটিতে ফুটবলের ব্যাপক জনপ্রিয়তায় মুগ্ধ এই মিডফিল্ডার।

তিনি বলেন, ‘এখানকার মানুষ খুব বন্ধুত্বপূর্ণ, অত্যন্ত দয়ালু। এখানে ফুটবলের বিশাল জনপ্রিয়তা রয়েছে এবং সুযোগ-সুবিধাও বেশ ভালো। আমি আগামী শুক্রবার মাঠে নামার জন্য মুখিয়ে আছি।’

প্রতিপক্ষ দলগুলোর শক্তিমত্তারও প্রশংসা করেছেন হামজা। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা এসব দলের খেলোয়াড়দের মান এবং কোচিং নিয়েও ইতিবাচক মন্তব্য করেন তিনি। তাঁর মতে, ভবিষ্যতের বিশ্বকাপ বাছাইপর্বে দলগুলো ভালো করার সক্ষমতা রাখে।

শেফিল্ড ইউনাইটেডের এই তারকা বলেন, ‘তাদের র‍্যাঙ্কিং বেশ ভালো। তাদের দলে দারুণ মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। খুব ভালো কোচও আছেন। বিশেষ করে পরবর্তী বিশ্বকাপের বাছাইপর্বে তারা যদি বিশ্বকাপে যাওয়ার দৌড়ে না থাকে, তাহলে আমি অবাকই হব।’

আসিয়ান কাপে বাংলাদেশের তিন প্রতিপক্ষের মধ্যে ইন্দোনেশিয়ার বর্তমান ফিফা র‍্যাঙ্কিং ১১৮, মালয়েশিয়া ১৩৬ এবং সিঙ্গাপুর ১৪৮তম। ইংল্যান্ড থেকে ইন্দোনেশিয়ায় আসার পথে বিমানে ইন্দোনেশিয়ার তরুণ ফুটবলার অ্যালকান ব্যাগটের সঙ্গে দেখা হয়েছে হামজার। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব মিলওয়ালে খেলা ব্যাগটের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন তিনি।

ব্যাগটকে তরুণ ও সম্ভাবনাময় ফুটবলার হিসেবে উল্লেখ করে হামজা জানান, তার বিপক্ষে খেলাটিও তিনি উপভোগ করতে চান।

বাংলাদেশ দলের অনুশীলন নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন হামজা। ইন্দোনেশিয়ার অনুশীলন মাঠ, হোটেল ও অন্যান্য সুযোগ-সুবিধার প্রশংসা করে তিনি বলেন, ‘অনুশীলনের জন্য আমরা দারুণ মাঠ পেয়েছি। আমরা এটি উপভোগ করেছি। মূল স্টেডিয়াম এখনও দেখিনি। আশা করছি, সেটিও ভালো হবে। হোটেল অসাধারণ, সবাই ভীষণ বন্ধুত্বপূর্ণ। আমরা সময়টা উপভোগ করছি।’

এমইউ
আরও পড়ুন