ব্যাটিং বিপর্যয়ে নারী ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক: ম্যাচের চূড়ান্ত ফলের জন্য শেষ পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের নারী ক্রিকেটারদের ব্যাটিংটা স্বস্তিদায়ক হয়নি। ম্যাচ ও সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে ২২৯ রান করতে হবে। এজন্য দরকার ছিল ভালো একটা সূচনা। কিন্তু শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। ৪৪ রান করতেই ৩ উইকেট হারিয়েছে নিগার সুলতানারা। তাছাড়া রান তোলার গড়টাও খুবই ধীরগতির। ৪৪ রান করতে বাংলাদেশ খেলেছে ১৬ ওভার।

২২৯ রানে জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে মুর্শিদা খাতুন ও শারমিন আখতার ইনিংসের সূচনা করেন। কিন্তু বেশিক্ষণ তারা ক্রিজে থাকতে পারেননি। মাত্র ২ রানে শারমিন এলবিডব্লিউ'র শিকার হয়ে ক্রিজ ছাড়েন। কিছু সময় বাদে অপর ওপেনার মুরশিদা খাতুনও দর্শক আসনে চলে আসেন।

তৃতীয় উইকেট জুটিতে ফারজানা হক ও লত মণ্ডল ইনিংস মেরামতের চেষ্টা করেন। কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ করে দেন স্নেহ রানা। তার বলে লতা বোল্ড হন। মাত্র ৯ রান করেন তিনি। বাংলাদেশের হারানো অন্য দুই উইকেট শিকার করেছেন মেঘনা সিং ও দিপ্তী শর্মা।