দেশের প্রতিটি উপজেলায় ক্রীড়ার প্রসার ঘটাতে নতুন স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এই পরিকল্পনার অংশ হিসেবে ঢাকার ধামরাইয়ে একটি আধুনিক স্টেডিয়াম তৈরি করা হবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক শুক্রবার বিকেলে ধামরাইয়ের ভালুম আতাউর রহমান খান কলেজ মাঠে এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, শুধু স্টেডিয়াম নয়, দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে মানসম্মত খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনাও সরকারের রয়েছে।
কালামপুর যুবক সমিতির উদ্যোগে আরাফাত রহমান কোকোর স্মরণে এই ফাইনাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচে মানিকগঞ্জের সাটুরিয়ার প্যারাডাইস এফসি এবং ধামরাইয়ের সোনালী অতীত দল মুখোমুখি হয়। টানটান উত্তেজনার এই ম্যাচে প্যারাডাইস এফসিকে ২-০ গোলে হারিয়ে সোনালী অতীত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা দেখতে মাঠে হাজার হাজার ফুটবলপ্রেমী ও ক্রীড়ামোদী মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকায় কঠোর অবস্থান নেয়।
জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল তেল ছাড়বে জি-৭