পুরোনো ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে ছিলেন, কিন্তু এর মাঝেই এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস।
সতীর্থদের অনুশীলন দেখার সময় গ্যালারিতে দাঁড়িয়ে বলের আঘাতে রক্তাক্ত হয়েছেন এই তারকা অলরাউন্ডার। বলের সরাসরি আঘাতে তার মুখের ডান পাশ কেটে গেছে, চোখের নিচে ফুলে কালচে দাগ পড়েছে এবং নাক দিয়ে রক্ত ঝরতে দেখা গেছে।
ঘটনাটি ঘটেছে কাউন্টি ক্লাব ডারহামের নেট সেশনে। স্টোকস নিজে ব্যাটিং বা বোলিং করছিলেন না, কেবল নেটের পাশে দাঁড়িয়ে সতীর্থদের অনুশীলন দেখছিলেন। আচমকা একটি বল সরাসরি তার মুখে এসে লাগে। তবে গুরুতর আঘাত পেলেও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করতে ভোলেননি স্টোকস। নিজের ক্ষতবিক্ষত মুখের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে অট্টহাসির ইমোজি দিয়ে তিনি লিখেছেন, ‘বলের শক্তি কেমন হতে পারে আপনাদের দেখা উচিত।’
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, গত মাসে সিডনিতে অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে অ্যাডাক্টর ইনজুরিতে পড়েছিলেন স্টোকস। বর্তমানে তিনি সেই চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় (পুনর্বাসন) আছেন। চলতি মাসের শেষের দিকে অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে ইংল্যান্ড লায়ন্সের অনানুষ্ঠানিক কোচ হিসেবে তার আবুধাবি যাওয়ার কথা রয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টোকস থাকছেন না, কারণ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে তিনি আর সাদা বলের ক্রিকেট খেলেননি। ধারণা করা হচ্ছে, আগামী জুনে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তিনি। তার আগে ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলে নিজেকে ঝালিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে এই ৩৪ বছর বয়সী তারকার।
উল্লেখ্য, সর্বশেষ অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হারের পরও অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেছেন স্টোকস।
কোচ ব্রেন্ডন ম্যাককালামের ওপর নিজের পূর্ণ সমর্থনের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি অবশ্যই বাজের (ম্যাককালাম) সঙ্গে কাজ করতে পছন্দ করি। তিনি দারুণ একজন মানুষ এবং খুব ভালো কোচ।’