পিএসএল 

রেকর্ড দামে বিক্রি হলো মুলতান সুলতান্স, নতুন নাম কি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ইতিহাসে সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়েছে মুলতান সুলতান্স ফ্র্যাঞ্চাইজি। বার্ষিক ২৪৫ কোটি পাকিস্তানি রুপি ফি-তে দলটির মালিকানা কিনে নিয়েছে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ওয়ালি টেকনোলজিস’। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) লাহোরে অনুষ্ঠিত এক নিলামে এই ঐতিহাসিক মালিকানা হস্তান্তর সম্পন্ন হয়।

১১তম আসরের প্লেয়ার ড্রাফটের মাত্র দুই দিন আগে এই নিলাম অনুষ্ঠিত হলো। মালিকানা পরিবর্তনের ফলে বড় একটি চমকও আসছে দলটিতে। নতুন মালিকপক্ষ ঘোষণা করেছে, ‘মুলতান সুলতান্স’ নাম পরিবর্তন করে রাখা হবে ‘রাওয়ালপিন্ডি’। কোম্পানির প্রধান নির্বাহী আহসান তাহির সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা কি চমকের জন্য প্রস্তুত? আমরা এখন থেকে রাওয়ালপিন্ডি হতে যাচ্ছি।’

২০১৮ সাল থেকে দলটির মালিকানায় ছিলেন আলী তারিন। তবে পিএসএলের দশম আসরের পর ম্যানেজমেন্টের সঙ্গে মতপার্থক্যের কারণে তিনি আর চুক্তি নবায়ন করেননি। নিলামের আগে মুলতান তাদের আগের মৌসুমের কোনো খেলোয়াড়কে ধরে রাখেনি। ফলে নতুন মালিকপক্ষকে সরাসরি চুক্তি কিংবা নিলামের মাধ্যমে সম্পূর্ণ নতুন স্কোয়াড গঠন করতে হবে।

এই রেকর্ড বিক্রয়কে লিগের জন্য একটি মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি বলেন, ‘একটা সময় এই ফ্র্যাঞ্চাইজির জন্য ক্রেতা পাওয়া কঠিন ছিল। কিন্তু আজকের এই রেকর্ড মূল্য প্রমাণ করে যে, পিএসএলের দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সম্ভাবনার ওপর বিনিয়োগকারীদের আস্থা অনেক বেড়েছে।’

উল্লেখ্য, আগামী ১১তম আসর থেকে পিএসএলে দলের সংখ্যা ছয়টি থেকে বাড়িয়ে আটটি করা হয়েছে। নতুন যুক্ত হওয়া দল দুটি হলো হায়দরাবাদ ও শিয়ালকোট। টুর্নামেন্টটি আগামী ২৬ মার্চ শুরু হয়ে শেষ হবে ৩ মে।