‘বিসিবি ঠিকঠাক চলছে না, এখানে সবাই খারাপ না, আবার ভালোও না’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদে নেই খালেদ মাহমুদ সুজন। তবে ক্রিকেট বোর্ডের নানা ইস্যুতে তাকে সরব থাকতে দেখা যায়। বিসিবির বর্তমান কমিটি ঠিকঠাকভাবে চলছে না বলে মনে করেন সাবেক এই পরিচালক। একইসঙ্গে যোগ্যদের মাধ্যমে বিসিবি, ঘরোয়া ক্রিকেটসহ প্রতিটি বিষয় সচল হবে বলেও প্রত্যাশা তার।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, ‘(বিসিবির পর্ষদে পরিবর্তন) আসতেই পারে যদি প্রয়োজন হয়। কারণ এই ক্রিকেট বোর্ডটা বিগত কয়েক মাস হয়েছে, আমি মনে করি না ঠিকঠাকভাবে চলছে। কারণ ঘরোয়া ক্রিকেট হচ্ছে না, আমরা বিশ্বকাপ খেলতে পারিনি, আরও অনেক কিছু হচ্ছে যেগুলো আমার মনে হয় না ক্রিকেটের জন্য ভালো। কিন্তু আমি বলব না এখানে (বিসিবিতে) সবাই খারাপ, সবাই ভালো এমন কথাও আমি বলতে চাই না।’

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আবারও ক্রিকেট বোর্ডকে কার্যকর করবেন বলে প্রত্যাশা সুজনের, ‘কারণ যারাই এসেছে তারা অবশ্যই (ভালো কিছু করতে) চেয়েছেন, কিন্তু হয়নি। নতুন সরকার ও নতুন ক্রীড়া (প্রতি) মন্ত্রী এসেছেন, উনি উনার মতো করে চিন্তা করবেন কীভাবে করলে কারা আসলে ক্রিকেট বোর্ডের জন্য ভালো হবে, ক্রিকেটকে ভালোভাবে চালাতে পারবে। দিনশেষে গুরুত্বপূর্ণ হচ্ছে খেলাটা যাতে মাঠে সচল থাকে, খেলাটা যাতে ঠিকমতো হয়। সেটা সবচেয়ে বেশি জরুরি।’

সাবেক এই বিসিবি পরিচালক বলেন, ‘আমার মনে হয় ভালো নির্বাচন হোক। যদি নির্বাচন ঠিকঠাক হয়, যারা যোগ্য তারাই আসবে, এটা গুরুত্বপূর্ণ। তখন মানুষই বেছে নেবে। আমি জানি না ভবিষ্যতে কী হবে, কিন্তু যেহেতু নির্বাচিত বোর্ড এটা তো আপনাকে মানতেই হবে। যেভাবেই হোক একটা নির্বাচন হয়েছে, সেটা নিয়ম ভেঙে হোক বা যেভাবেই হয়েছে।’

যোগ্য ব্যক্তিদের ক্রিকেট বোর্ডে চান সুজন, ‘নির্বাচিত বোর্ড এটা কীভাবে সরানো যাবে বা পরিবর্তন হবে এটা সরকার ঠিক করবে। আমার মনে হয় একটা নির্বাচিত বোর্ড আসাটা সবার কাছে কাম্য। যোগ্য মানুষ যোগ্য জায়গায় আসুক সেটাই সবচেয়ে বড় কথা।’