টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের সমীকরণ মেলাতে আজ এক কঠিন পরীক্ষায় নামছে পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে শুধু জিতলেই হবে না, সেমিফাইনালের টিকিট পেতে সালমান আগার দলকে জিততে হবে বিশাল ব্যবধানে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে পাকিস্তান একাদশে বড় রদবদলের পরামর্শ দিয়েছেন সাবেক তারকা ক্রিকেটাররা। এমনকি বাবর আজমকেও একাদশের বাইরে রাখার দাবি তুলেছেন তাঁরা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ।
শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে পাকিস্তান আগে ব্যাট করলে তাদের অন্তত ৬৪ রানের ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে। আর যদি পরে ব্যাট করে, তবে তাদের লক্ষ্য পূরণ করতে হবে মাত্র ১৩.১ ওভারের মধ্যে। এই কঠিন লক্ষ্য মাথায় রেখেই আজ একাদশ সাজাতে হবে পাকিস্তানকে।
পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির ও ওপেনার আহমেদ শেহজাদ দুজনেই একমত হয়েছেন যে, বাবর আজমকে বিশ্রামে রেখে তরুণ খাজা নাফেকে একাদশে সুযোগ দেওয়া উচিত। জিও নিউজের এক অনুষ্ঠানে আমির বলেন, ‘টপ অর্ডারে শাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলী আগা ও খাজা নাফেকে রাখা উচিত। উইকেটরক্ষক হিসেবে উসমান খান অপরিহার্য। বোলার হিসেবে শাহিন আফ্রিদি ও নাসিম শাহকে দেখতে চাই।’
আহমেদ শেহজাদ আমিরের সব পরিবর্তনের সঙ্গে একমত না হলেও বাবরকে বাদ দেওয়ার পক্ষে কথা বলেছেন। তিনি বলেন, ‘দয়া করে দলটিকে দুই ভাগে ভাগ করবেন না। বিশেষজ্ঞ ব্যাটার ও বোলারদের সুযোগ দিন। শাদাবের জায়গায় আবরার এবং বাবরের বদলে নাফেকে খেলালে দলের ভারসাম্য বাড়বে।’
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি মনে করেন, অভিজ্ঞ ফখর জামানকে তিন নম্বর পজিশনে ব্যাটিং করানো উচিত। তিনি বলেন, ‘ফখরকে তিনে খেলালে সেটি হবে ইতিবাচক সমন্বয়। অতীতে সে এই পজিশনে সফল হয়েছে।’
ডু প্লেসি আরও পরামর্শ দেন যে, সেমিফাইনালের সমীকরণ নিয়ে খুব বেশি চাপে না থেকে ইতিবাচক ক্রিকেট খেলা উচিত।
এখন দেখার বিষয়, সাবেক তারকাদের এসব পরামর্শ মাথায় রেখে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট আজ লঙ্কানদের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামে।
বাবার মৃত্যুর শোক সামলে বিশ্বকাপ মিশনে ফিরছেন রিঙ্কু সিং
নিউজিল্যান্ডের হার, পাকিস্তানের আশা বাঁচিয়ে রাখলো ইংল্যান্ড
