বাংলাদেশে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান

গত কয়েক বছরে নতুন মাত্রা পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেট লড়াই। সীমিত ওভারের ক্রিকেটের পাশাপাশি টেস্টেও কয়েকবার পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় আগামী বছর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।

২০২৬ ও ২০২৭ সালের কয়েকটি দ্বিপাক্ষিক হোম সিরিজের জন্য আগ্রহপত্র (ইওআই) ও আর্থিক প্রস্তাব আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সিরিজগুলোর মধ্যে রয়েছে ভারতের বাংলাদেশ সফর, ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ, ইংল্যান্ডের বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং পাকিস্তানের বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। এর মধ্যে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর চলতি বছরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর ইংল্যান্ড ও পাকিস্তান সফর করবে আগামী বছর।

চারটি সিরিজের সম্প্রচার ও বাণিজ্যিক স্বত্বের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করেছে বিসিবি। বৃহস্পতিবার (২ জুলাই) থেকে বিসিবি কার্যালয়ে আগ্রহপত্র-সংক্রান্ত বিস্তারিত নথি সংগ্রহ করা যাবে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ২২ জুলাইয়ের মধ্যে তাদের প্রস্তাব জমা দিতে হবে।

বাংলাদেশ ও পাকিস্তান ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ৪২ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তান জিতেছে ৩৫টি ম্যাচে, আর বাংলাদেশ জয় পেয়েছে ৭টিতে। বাংলাদেশের বেশিরভাগ জয় এসেছে সাম্প্রতিক বছরগুলোতে।