স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে নকআউট ম্যাচে স্বপ্নভঙ্গ হলো বসনিয়া-হার্জেগোভিনার। সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ম্যাচে বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে আমেরিকানরা।
ম্যাচের একটা বড় সময় ১০ জন নিয়ে খেললেও দারুণ এক জয় তুলে নেয় স্বাগতিক দল। আগামী ৭ জুলাই (বাংলাদেশ সময়) কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের। প্রথমার্ধের প্রথম ২৪ মিনিট পর্যন্ত প্রায় ৭৮ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে ক্রিশ্চিয়ান পুলিসিকরা, যদিও শুরুর দিকের শটগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। তবে প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে, ৪৫তম মিনিটে গোলের দেখা পায় তারা। মালিক টিলম্যানের পাস বসনিয়ার ডিফেন্ডারদের গায়ে লেগে দিক পরিবর্তন করলে বল পেয়ে যান ফ্লোরিয়ান বালোগান। ঠান্ডা মাথায় বসনিয়ার গোলরক্ষক ভাসিলকে পরাস্ত করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন এই মার্কিন স্ট্রাইকার।
দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ইনজুরির কারণে বসনিয়ার সেরা গোলদাতা এডিন জেকো মাঠ ছাড়লে বড় ধাক্কা খায় দলটি। তবে ৬১ মিনিটে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় তারা, যখন বল দখল করতে গিয়ে ফাউল করায় ভিএআর (VAR)-এর সহায়তায় যুক্তরাষ্ট্রের গোলদাতা বালোগানকে লাল কার্ড দেখান রেফারি। ৬৫ মিনিটে স্বাগতিকরা ১০ জনের দলে পরিণত হলে বসনিয়া একের পর এক আক্রমণ করলেও তা লক্ষ্যভেদ করতে পারেনি।
ম্যাচের ৭৯ মিনিটে পুলিসিক বল জালে পাঠালেও লাইন্সম্যান অফসাইডের কারণে তা বাতিল করেন। তবে এর তিন মিনিট পরেই, ৮২ মিনিটে চোখধাঁধানো এক ফ্রি-কিকে ব্যবধান ২-০ করেন মালিক টিলম্যান। বক্সের বাইরে থেকে তার নেওয়া নিখুঁত কার্ভিং শটটি বসনিয়ার গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়। ১০ জনের দল নিয়ে এই অবিশ্বাস্য গোলের পর পুরো স্টেডিয়াম উল্লাসে মেতে ওঠে এবং যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত হয়ে যায়।
১২৫ মিনিটে পাওয়া পেনাল্টি গোলে বেলজিয়ামের জয়
পেলেকে ছাড়িয়ে নতুন উচ্চতায় হ্যারি কেইন