বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের পৈতৃক বাড়িতে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
বুধবার (৫ আগস্ট) রাত প্রায় পৌনে ৯টার দিকে শহরের কেশবমোড় এলাকায় অবস্থিত তার বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার কিছুক্ষণ আগেই দিল্লিতে আয়োজিত শেখ হাসিনার সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কা থেকে ফোনে ডয়চে ভেলেকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানান, সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপরই তার মাগুরার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তিনি বলেন, আগুন লেগেছে এবং বিস্তারিত তথ্য তখনও তার জানা ছিল না। পাশাপাশি কয়েকটি ককটেলও নিক্ষেপ করা হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা প্রকাশ করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটের ওপরের অংশ লক্ষ্য করে বিস্ফোরকসদৃশ একটি বস্তু ছুড়ে মারে। সেটি বিস্ফোরিত হলে বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাড়ি ও আশপাশের এলাকা পরিদর্শন করে। এ সময় তারা বিভিন্ন আলামত সংগ্রহের চেষ্টা চালায়। তবে তাৎক্ষণিকভাবে হামলার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন গণমাধ্যমকে বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বাড়ির গেটে যে বস্তুটি নিক্ষেপ করা হয়েছে, সেটি পেট্রোল বোমা কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতামত এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে এলাকায় অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।