বাংলাদেশের আল-আমিনের পর এক ওভারে ৫ উইকেট নিলেন লিকক

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার বিরল কীর্তি প্রথম গড়েছিলেন বাংলাদেশের আল-আমিন হোসেন। এবার সেই তালিকায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার পেসার চ্যাড লিকক। সিএসএ প্রো-২০ কাপে টাইটানসের বিপক্ষে নাটাল-ইনল্যান্ডের হয়ে খেলতে নেমে এই কীর্তি গড়েছেন তিনি।

পিটারমারিৎসবার্গে অনুষ্ঠিত ম্যাচে লিকক শেষ পর্যন্ত ২৬ রানে ৬ উইকেট নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি টানা চার বলে চার উইকেট শিকারের কীর্তিও গড়েছেন এই পেসার।

টাইটানসের ইনিংসের ১৯তম ওভারে রেকর্ডটি গড়েন লিকক। ওভারের প্রথম বলে লেউস দু প্লয়িকে ফিরিয়ে উইকেট শিকার শুরু করেন তিনি। দ্বিতীয় বলে অবশ্য কোনো উইকেট পাননি। তবে এরপর তৃতীয় থেকে ষষ্ঠ টানা চার বলে দাইয়ান গালিয়েম, আফিউয়ে মান্যান্দা, জানকো স্মিট ও এসোসা আইহেভবাকে আউট করেন লিকক।

তাতে ৪ উইকেটে ১৯৩ রান থেকে ২০৪ রানেই গুটিয়ে যায় টাইটানসের ইনিংস। তবে এমন বিরল কীর্তি গড়েও দলকে জেতাতে পারেননি লিকক। ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৮৩ রানেই থামে নাটাল-ইনল্যান্ডের ইনিংস।

পুরুষদের টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট নেওয়া বোলারদের তালিকায় লিকক চতুর্থ। তাঁর আগে এই কীর্তি গড়েছেন বাংলাদেশের আল-আমিন হোসেন, ভারতের অভিমন্যু মিথুন ও ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ান্দানা।

২০২৫ সালের ডিসেম্বরে কম্বোডিয়ার বিপক্ষে নারী টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট নিয়েছিলেন প্রিয়ান্দানা। নারী ও পুরুষ মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত তিনিই একমাত্র বোলার, যিনি এই কীর্তি গড়েছেন।

২০১৩ সালে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে আবাহনী লিমিটেডের বিপক্ষে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে প্রথম এই নজির গড়েন বাংলাদেশের আল-আমিন হোসেন।

এরপর ২০১৯-২০ মৌসুমে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলী ট্রফির সেমিফাইনালে হরিয়ানার বিপক্ষে কর্ণাটকের হয়ে এক ওভারে পাঁচ উইকেট নেন অভিমন্যু মিথুন। এবার সেই বিরল তালিকায় যুক্ত হলো চ্যাড লিককের নামও