এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে পাকিস্তান।
শাহাদাত হোসেন দীপুর দুর্দান্ত সেঞ্চুরিতে ২৩২ রানের পুঁজি গড়েও ম্যাচ বাঁচাতে পারেনি বাংলাদেশ।
পাকিস্তান ২৮ বল হাতে রেখেই ২৩৩ রানের লক্ষ্য ছুঁয়ে সহজ জয় তুলে নেয়।
রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান দল।
চতুর্থ ওভারে বোলিংয়ে এসে চার বলের মধ্যে দুই ওপেনার মাজ সাদাকাত ও শামিল হুসেইনকে ফেরান রিপন মন্ডল।
মাত্র ২১ রানে দুই উইকেট হারিয়ে শুরুর ধাক্কা খায় পাকিস্তান।
বিপর্যয় কাটিয়ে ম্যাচের লাগাম ধরেন হাসান নেওয়াজ ও শাহজাইব খান।
তৃতীয় উইকেটে দুজনে ১১০ রানের জুটি গড়ে জয় সহজ করে তোলেন।
৬২ রানে হাসান নেওয়াজ আউট হলে শাহজাইব খানও ৫০ রান করে সাজঘরে ফেরেন।
এরপর আব্দুল সামাদ ও ফারহান ইউসাফ দলের জয়ের বাকি কাজ সারেন।
সামাদ ৪৪ এবং ইউসাফ ৪৬ রানের কার্যকর ইনিংস খেলেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে রিপন মন্ডল ও রাকিবুল হাসান দুটি করে উইকেট পান।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ।
আলী রাজার জোড়া আঘাতে দ্রুত ফেরেন সাইফ হাসান (২) ও মাহমুদুল হাসান জয় (৯)।
মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে ৯৫ রানের জুটিতে দলকে সামলান শাহাদাত হোসেন।
অঙ্কন ৪২ রানে ফেরার পরপরই দ্রুত আরও দুই উইকেট হারিয়ে ১১৮ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।
এসএম মেহরবের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৫২ রানের জুটি গড়েন শাহাদাত।
পরে হাসান নেওয়াজ ও আহমেদ দানিয়ালের বোলিংয়ে ১৯২ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ।
শেষ ওভারে সেঞ্চুরি থেকে ৫ রান দূরে ছিলেন শাহাদাত হোসেন।
রিপন মন্ডলের ছক্কা ও সিঙ্গেলের পর পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে শতক পূর্ণ করেন তিনি।
১১৮ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন শাহাদাত এবং রিপন মন্ডল অপরাজিত থাকেন ১৯ রানে।
দীপুর এমন লড়াকু সেঞ্চুরির পরও বোলিংয়ে প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পারায় সেমিফাইনাল থেকেই বিদায় নেয় বাংলাদেশ।
ইয়েমেনের তাইজে সৌদি বিমান হামলায় নিহত ১১
রাত পোহালেই বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন