সেমিফাইনালে দীপুর দুর্দান্ত সেঞ্চুরি, পাকিস্তানকে ২৩৩ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

মেনস এশিয়া কাপ রাইজিং স্টারসের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান শাহিনসের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ 'এ' দল। শুরুতে দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়লেও শাহাদাত হোসেন দীপুর দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

ম্যাচে ১১৮ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন দীপু। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। দলের বিপর্যয়ের মুহূর্তে দায়িত্ব নিয়ে ব্যাটিং করে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান তিনি।

এর আগে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার মাহমুদুল হাসান জয় ১৭ বলে ৯ রান করে আলী রাজার বলে বোল্ড হন। অধিনায়ক সাইফ হাসানও বেশিক্ষণ টিকতে পারেননি। ৫ বলে ২ রান করে আলী রাজার বলেই রোহাইল নাজিরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপর দীপুর সঙ্গে জুটি গড়ে দলের হাল ধরেন উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। ৭৮ বলে ৪২ রান করে সুফিয়ান মুকিমের বলে আউট হন তিনি। আফিফ হোসেন ১০ বলে ৫ এবং সাব্বির রহমান ২ বলে শূন্য রানে ফিরে গেলে আবারও চাপে পড়ে বাংলাদেশ।

তবে দীপু এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং চালিয়ে যান। তাঁকে সঙ্গ দেন এসএম মেহেরব। ৩৬ বলে ২৮ রান করে হাসান নেওয়াজের বলে আউট হন মেহেরব। অন্যদিকে পাকিস্তানের বোলারদের সামলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন দীপু।

পাকিস্তানের হয়ে  সুফিয়ান মুকিম ২টি এবং হাসান নেওয়াজ ২টি উইকেট নিয়েছেন।

দীপুর সেঞ্চুরিতে ভর করে ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বাংলাদেশ