বিপিএলের টিকিট না পাওয়ায় মিরপুরে দর্শকদের বিক্ষোভ

বিপিএলের ১১তম আসরের পর্দা উঠবে সোমবার (২৯ ডিসেম্বর)। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী। আসর শুরু হওয়ার আগেই বিতর্ক ছড়িয়েছে। টিকিট না পেয়ে মিরপুর স্টেডিয়ামের সামনে বিক্ষোভ শুরু করেছে দর্শকরা। এ সময় বিসিবিকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন তারা।

বোরবার (২৯ ডিসেম্বর) ভোর রাত থেকে টিকিটের জন্য মিরপুর স্টেডিয়ামের এক নাম্বার গেট-সংলগ্ন কাউন্টারে ভিড় জমায় দর্শকরা। কিন্তু সকাল সাড়ে ১০টা পর্যন্ত অপেক্ষার পরও টিকিট না পাওয়ায় স্টেডিয়ামের মেইন গেটে ভিড় জমায় দর্শকরা। টিকেট না পেয়ে ক্ষুব্ধ দর্শকেরা স্টেডিয়ামের মূল ফটকে হামলা চালিয়ে ভেতরে ঢুকে পড়ে। পরে তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয় পুলিশ।


এ সময় টিকিট প্রত্যাশী এক ব্যক্তি বলেন, ‘আমরা অনলাইনে চেষ্টা করেছি, কিন্তু ওয়েবসাইট বন্ধ। তাই আমি ভোর চারটায় লাইনে দাঁড়িয়েছি। তবুও টিকিট পাইনি। টিকিটগুলো তাহলে গেল কোথায়?’

আরেক ব্যক্তি অভিযোগ করে বলেন, ‘এর আগেও এমন হয়েছে। কাউন্টারে টিকিট নাই, কিন্তু ম্যাচের দিন ব্ল্যাকে টিকিট পাওয়া যায়।’

ক্ষুব্ধ দর্শকদের একজন বলেন, ‘নতুন দেশে এবার বিপিএল নতুনভাবে করা হবে বলে ঘোষণা দিয়েছিল বিসিবি। কিন্তু কিছু কনসার্ট করা ছাড়া নতুন কিছু আর দেখি না। সবকিছু আগের মতোই। টুর্নামেন্ট শুরুর আগের দিনও টিকেটের কিছু জানানো হয়নি। দর্শকদের কোনো গুরুত্বই দেয় না বিসিবি।’

এসময় পাশ থেকে আরেক দর্শক যোগ করেন, ‘এটা কি পাড়া-মহল্লার টুর্নামেন্ট? বিশ্বের আর কোন দেশের লিগে শুরুর আগের দিনও টিকেট পাওয়া যায় না? এটা কেবল বিপিএলেই সম্ভব।’

এর আগে, ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়ে বর্তমান সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, যতটা সম্ভব গোছানোভাবে টুর্নামেন্ট আয়োজন করতে চান তারা এবং প্রায় শতভাগ টিকেট অনলাইনে পাওয়া যাবে। 

দর্শকদের ভোগান্তি কমাতে এবার ই-টিকিটের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে মোট টিকিটের ৮০ শতাংশ দেওয়ার কথা রয়েছে। বাকিগুলো অফলাইনে দেওয়ার কথা। কিন্তু টিকেট নিয়ে টানাপোড়েন শেষ পর্যন্ত আগের বিপিএলগুলোর মতোই রয়ে গেল।