আজ ‘অপমানের বদলা’ নিতে পারবে পাকিস্তান?

বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানকে বাদ দিয়ে নতুন যুগের টি-টোয়েন্টি শুরু করেছে পাকিস্তান। তবে সালমান আলী আগার নেতৃত্বে পাকিস্তানের শুরুটা হয়েছে বেশ বাজে। নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে রীতিমতো ‘অপমানের’ শিকার হয়েছে এশিয়ার দলটি।

ক্রাইস্টচার্চে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৯ উইকেটের হার হজম করতেই কষ্ট হচ্ছে পাকিস্তানের। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক বলেন, এটা সত্যিই অনেক কঠিন। আমরা আশানুরূপ খেলিনি।

নিউজিল্যান্ডের কাছে বাজে হারের পর ভক্ত-সমর্থকেরা পাকিস্তানকে নিয়ে করছেন ব্যঙ্গ বিদ্রুপ। কেউ একজন নাসিম শাহর পুরোনো উদযাপনের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তাঁর প্রশ্ন, ‘নিউজিল্যান্ডের কাছে পাকিস্তানের হারটা কেমন ছিল? হতবুদ্ধিকর, বিপর্যস্ত, অপমানজনক, হতাশাজনক।’

আজ (১৮ মার্চ) ডানেডিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে শাহিন আফ্রিদিরা। এ ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা জানিয়ে অধিনায়ক সালমান আগা বলেন, দলে পরিবর্তন আসতে পারে। সিরিজে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছি আমরা।

এদিকে বারবার দলের পরিবর্তন নিয়ে সাবেক ক্রিকেটার ইনজামাম-উল-হক বলেন, গত দুই বছরে পাকিস্তানের পারফরম্যান্স নিচের দিকে নেমেছে। আমরা যদি সঠিক পথে কাজ না করি, তাহলে এভাবে ভুগতেই থাকব। বারবার খেলোয়াড়, কোচ ও ম্যানেজমেন্ট পরিবর্তন করে এই সমস্যার সমাধান করা যাবে না। আমাদের বসে পর্যালোচনা করে বের করতে হবে, কোথায় ভুল হচ্ছে।

২১ মার্চ অকল্যান্ডে তৃতীয় টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। ২৩ ও ২৬ মার্চ মাউন্ট মঙ্গানুই ও ওয়েলিংটনে হবে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ।