বৃষ্টিবিঘ্নিত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে অধিনায়ক সালমান আলী আঘার ৪৬ রানের সৌজন্যে ১৩৫ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। জবাবে টিম সেইফার্ট ও ফিন অ্যালেন বিধ্বংসী ব্যাটিংয়ে সহজ জয় পায় নিউজিল্যান্ড।
ডানেডিনে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে কোনো রান না করেই সাজঘরে ফেরেন হাসান নওয়াজ৷ দুইটি চার হাঁকালেও বড় হয়নি মোহাম্মদ হারিসের ইনিংস। এরপর ইরফান খান, খুশদিল শাহরা অল্পতেই ফেরেন সাজঘরে। তবে অন্যপ্রান্তে অবিচল ছিলেন অধিনায়ক সালমান। নিয়মিত বাউন্ডারি হাঁকিয়ে পাকিস্তানের ইনিংসকে এগিয়ে নিচ্ছিলেন দলটির নতুন টি-টোয়েন্টি অধিনায়ক। তাকে সঙ্গ দিয়েছেন শাদাব খান।
তবে চারটি চার ও তিন ছক্কা হাঁকানো সালমানকে আউট করেন বেন সিয়ার্স। ২৮ বলে ৪৬ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। এরপর বড় শট খেলে উইকেট বিলিয়েছেন পাকিস্তানি ব্যাটাররা। শাদাব খান করেছেন ১৪ বলে ২৬ রান। শেষদিকে শাহীন শাহ আফ্রিদির ১৪ বলে ২২ রানের ক্যামিওতে ৯ উইকেটে ১৩৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান।
জবাব দিতে নেমে টিম সেইফার্টকে প্রথম ওভার মেইডেন দেন শাহীন শাহ আফ্রিদি। কিন্তু এরপরই তান্ডব চালান দুই কিউই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। পাঁচটি করে ছক্কা হাঁকান দুই ওপেনারই। পাওয়ার প্লের পাঁচ ওভারে কিউইরা তোলে ৬৬ রান।
২২ বলে ৪৫ রান করা সেইফার্টকে ফিরিয়ে পাকিস্তানকে প্রথম উইকেট এনে দেন মোহাম্মদ আলী। এরপর ১৬ বলে ৩৮ রান করা অ্যালেনকে ফেরান জাহানদাদ খান। এরপর দ্রুত দুই উইকেট হারায় স্বাগতিকরা। এরপর ১৪ রান করে ড্যারিল মিচেল আউট হলেও মিচেল হে ও মাইকেল ব্রেসওয়েলের ব্যাটে ১১ বল বাকি থাকতেই জয় পেয়েছে নিউজিল্যান্ড। ১৬ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন মিচেল হে। ২ বলে ৫ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল।