বাংলাদেশের বোলিং কোচ হচ্ছেন পাকিস্তানের উমর গুল

বাংলাদেশের নতুন বোলিং কোচ হিসেবে উঠে এসেছে পাকিস্তানের সাবেক তারকা পেসার উমর গুলের নাম। দেশটির সংবাদমাধ্যমের মতে, বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফরকে সামনে রেখে সাবেক পাক পেসার উমর গুল হতে যাচ্ছেন বাংলাদেশের নতুন বোলিং কোচ, তবে চূড়ান্ত শর্তাবলী এখনোও আলোচনাধীন। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এখনো আনুষ্ঠানিক ভাবে কিছু জানা যায়নি।

উমর গুলকে আগামী মে মাসে পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজকে সামনে রেখে বিসিবি প্রাথমিকভাবে তিন মাসের চুক্তির প্রস্তাব দিয়েছে, তবে পারস্পারিক সন্তষ্টির উপর নির্ভর করে এই চুক্তির মেয়াদ ২০২৭ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত সম্প্রসারিত হতে পারে। 

উমর গুলকে এই দায়িত্ব দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পেস বোলিং ইউনিটকে আরও শক্তিশালী করে গড়ে তোলা। বাংলাদেশের বর্তমান পেসারদের মধ্যে আছেন নাহিদ রানা, যিনি ধারাবাহিকভাবে ১৫০ কি.মি. গতিতে প্রতি ঘণ্টায় বল করে থাকেন।  এছাড়া তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ পেসারের পাশাপাশি আছেন হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব এবং খালিদ হাসানের মতো তরুণ উদীয়মান পেসার। 

উমর গুল বাংলাদেশের সাথে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।  তিনি বলেন, 'এটি আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ এবং আমি কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।'