নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক যা বললেন

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ ‘এ’ দল। সোমবারের ম্যাচে ব্যাটে-বলে শাসন করে মাঠ ছাড়ে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি। ম্যাচ শেষে অধিনায়ক সোহান দলীয় প্রচেষ্টা ও বোলারদের অবদানের কথা বিশেষভাবে তুলে ধরেছেন।

প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ‘এ’ দল শুরু থেকেই বাংলাদেশের বোলারদের চাপে পড়ে। বিশেষ করে পেসার খালেদ আহমেদ ও শরিফুল ইসলামের আগ্রাসী বোলিংয়ে শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটসম্যানরা দেখিয়ে দেন দারুণ পরিপক্বতা ও শৃঙ্খলাবদ্ধ ব্যাটিং, যার ফল ৭ উইকেটে সহজ জয়।

ম্যাচ শেষে অধিনায়ক সোহান বলেন, ‘টসের সময়ই বলেছিলাম, আমার কাছে মনে হয় সঠিক চ্যানেলে বোলিং শুরু করা গুরুত্বপূর্ণ। খালেদ ও শরিফুল প্রথম বল থেকেই সেটা করেছে।’ তিনি আরও বলেন, আমরা যে পরিকল্পনা করেছিলাম, সেটা মাঠে প্রয়োগ করার চেষ্টা করেছি। উইকেট ভালো ছিল, তবে প্রথম ৫-৬ ওভারে খানিকটা ময়েশ্চার ছিল, যা আমরা কাজে লাগাতে পেরেছি।

অধিনায়ক সোহান দলের সকলের চেষ্টার কথা উল্লেখ করে বলেন, দল হিসেবে খেলাটা খুব গুরুত্বপূর্ণ। বোলিং ইউনিট আমাদের কাজ সহজ করেছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-- সবমিলিয়ে আমরা ভালো করেছি বলেই ৭ উইকেটে জিতেছি। তবে আজকের ভুলগুলো চিহ্নিত করে পরের ম্যাচে আরও গোছানো খেলার চেষ্টা করব।

সিরিজ জয়ের লক্ষ্য স্পষ্ট করে তিনি বলেন, গতকালও বলেছি, আমরা এখানে শিখতে আসিনি, জিততে এসেছি। জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামি, যতটা প্রয়াস দরকার, সেটাই দিতে প্রস্তুত।

নিউজিল্যান্ড ‘এ’ দলের প্রশংসা করে সোহান বলেন, ওদের দলে দুই-তিনজন অলরাউন্ডার আছে, দল হিসেবে ওরা ভালো। আমার মনে হয়, পরের ম্যাচে ওরা আরও শক্তিশালী হয়ে নামবে। আমাদের লক্ষ্য থাকবে নিজেদের পারফরম্যান্স আরও ভালো করা এবং শুরু থেকে যে মোমেন্টাম পেয়েছি, তা ধরে রাখা।