ওভাল টেস্টের মেঘলা দিনের সকালে শুবমান গিল ব্যাট হাতে নামলেন ইতিহাস গড়তে। আজ দিনের প্রথম ঘণ্টাতেই বোঝালেন-তিনি কেবল ব্যাট করতে নামেন না, ব্যাট দিয়ে সময়কে পেছনে ফেলতে জানেন।
এই টেস্ট ভারতের জন্য অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে সিরিজের আগের চার ম্যাচেই গিল করে ফেলেছিলেন ৭২২ রান। গ্যারি সোবার্সের ১৯৬৬ সালে করা রানের সমান। আজ ওভালে ব্যাট করতে নেমেই ক্রিস ওকসের বলে স্কয়ার লেগে ঠেলে দুই রান নিয়ে ছাড়িয়ে যান সেই ৫৯ বছরের পুরোনো রেকর্ড। সফরকারী অধিনায়ক হিসেবে সেনা দেশগুলোতে এক সিরিজে সর্বোচ্চ রানের মালিক এখন গিল।
কিছুক্ষণ পরই জেমি ওভারটনের বল কাভার দিয়ে চার মেরে গাভাস্কারকেও পেছনে ফেলে দেন তিনি। ১৯৭৮-৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গাভাস্কারের ৭৩২ রানের রেকর্ড এখন অতীত।
গিল যদি ওভালে ৫৩ রান করেন, তিনি হয়ে যাবেন ভারতের হয়ে এক সিরিজে সর্বোচ্চ রানের মালিক। আর ৮৯ রান করলেই তিনি ছাড়িয়ে যাবেন ডন ব্র্যাডম্যানকেও, হয়ে যাবেন অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান। যদি সেঞ্চুরি করেন? তাহলে এক সিরিজে ৫টি সেঞ্চুরির বিরল রেকর্ডে ক্লাইভ ওয়ালকটের সঙ্গে ভাগ বসাবেন-যা এখনো ইতিহাসের একমাত্র ঘটনা।
খেলা যখন জমে উঠছিল, ঠিক তখনই হানা দেয় বৃষ্টি। আগেভাগেই নেওয়া হয় লাঞ্চ বিরতি। বিরতির সময় ভারতের সংগ্রহ ২ উইকেটে ৭২ রান। গিল ১৫ ও সাই সুদর্শন ২৫ রানে অপরাজিত।