২০২৬ সালের উত্তর আমেরিকা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মন্তব্যের কড়া জবাব দিয়েছে ইরানের জাতীয় ফুটবল দল। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো ব্যক্তি বা দেশের ইচ্ছামতো ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সুযোগ নেই।
বৃহস্পতিবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপে অংশ নিতে এলে ইরানি ফুটবলারদের ‘জীবন ও নিরাপত্তা’ ঝুঁকিতে পড়তে পারে। মূলত গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ট্রাম্প এমন মন্তব্য করেন।
ট্রাম্পের এই বক্তব্যের বিপরীতে ইরানের জাতীয় দলের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে একটি কড়া বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বকাপ একটি ঐতিহাসিক ও আন্তর্জাতিক আয়োজন। এর নিয়ন্ত্রক সংস্থা ফিফা (FIFA); এটি কোনো ব্যক্তি বা দেশের রাজনৈতিক সিদ্ধান্তে পরিচালিত হয় না।’ ইরান যে প্রথম দিকের দল হিসেবেই এই আসরের যোগ্যতা অর্জন করেছে, সেটিও মনে করিয়ে দেয় তারা।
বিবৃতিতে আরও বলা হয়, ‘নিশ্চিতভাবেই ইরানের জাতীয় দলকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না। বরং বাদ পড়তে পারে সেই দেশ, যারা কেবল আয়োজকের তকমা বহন করে কিন্তু বৈশ্বিক আসরে অংশ নেওয়া দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম নয়।’
এর আগে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি জানিয়েছিলেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কোনোভাবেই বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইরানকে স্বাগত জানানোর কথা পুনর্ব্যক্ত করেছেন। মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইনফান্তিনো জানান, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে পুনরায় নিশ্চিত করেছেন যে বিশ্বকাপে ইরান দল অবশ্যই স্বাগত।
ঘরের মাঠে ফেরা নিয়ে বড় চ্যালেঞ্জে কোহলির আরসিবি
অস্ট্রেলিয়ায় আশ্রয় প্রার্থী ইরানি নারী ফুটবলারের সিদ্ধান্ত বদল
