দাপুটে শুরুর পর পথ হারিয়ে হারল বাংলাদেশ

ডারউইনে আজ ব্যাট হাতে ঝড় তুলেছিল বাংলাদেশ ‘এ’ দল। পাকিস্তান শাহীন্সের দেওয়া বড় লক্ষ্য তাড়ায় শুরুটা হয়েছিল আগ্রাসী, পাওয়ার প্লেতেই ওঠে ৭৪ রান। কিন্তু সেই গতি আর ধরে রাখা যায়নি। উইকেট হারানোর মিছিলে শেষ পর্যন্ত ৭৯ রানের বড় ব্যবধানে হার মেনে নিতে হয়েছে নুরুল হাসান সোহানদের। ১৬.৫ এসেই দল দিশেহারা। পরের ১০ ওভারের মধ্যেই ৯ উইকেট হারিয়ে অলআউট ১৪৮ রানে।

এদিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান শাহীন্স ওপেনার খাওয়াজা নাফে (৩১ বলে ৬১) ও ইয়াসির খানের (৪০ বলে ৬২) ব্যাটে উড়ন্ত সূচনা পায়। উদ্বোধনী জুটিতে আসে ১১৮ রান। মাঝ ও শেষের দিকে আব্দুল সামাদের ২৩ বলে অপরাজিত ৫৬ রান দলকে নিয়ে যায় ২২৭/৪-এ।

লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই নাইম শেখ (৫) আউট হলেও সাইফ হাসান ও জিসান আলম ঝড় তোলেন। জিসান ১৭ বলে ৩৩ রান করে ফেরার পর ভাঙে ৮৬ রানের জুটি। সাইফ ৩২ বলে ৫৭ রান করলেও বাকিরা ব্যর্থ হন। অধিনায়ক সোহান করেন ২২। শেষ দিকে প্রতিরোধ গড়ার মতো কেউ ছিলেন না।

পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন সাদ মাসুদ (৩/৩০) ও আকরাম (৩/১৯), আর দুইটি নেন ওয়াসিম জুনিয়র (২/২৪)।

 পরের ম্যাচ শনিবার, নুরুল হাসান সোহানদের সামনে নেপাল।

সংক্ষিপ্ত স্কোর-

পাকিস্তান শাহিনস: ২০ ওভারে ২২৭/৪ (নাফে ৬১, ইয়াসির ৬২, সামাদ ৫৬*, ফাইক ১৮*, ইরফান ২৫, মাসুদ ১*; রকিবুল ১/৪৩, হাসান ১/৩৪)।
বাংলাদেশ ‘এ’: ১৬.৫ ওভারে ১৪৮/১০ (জিসান ৩৩, সাইফ ৫৭, সোহান ২২; আকরাম ৩/১৯, সাদ ৩/৩০, ওয়াসিম ২/২৪)
ফল: ৭৯ রানে  জয়ী পাকিস্তান শাহিনস।
ম্যাচসেরা: ইয়াসির খান।