বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা প্রধান

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১০:৩০ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটিয়ে আশার বার্তা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানান, ইরান নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপে অংশ নেবে এবং তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, দলটি খুবই শক্তিশালী এবং খেলোয়াড় ও কোচদের সঙ্গে কথা বলে সবকিছু স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। গ্রুপ ‘জি’তে থাকা ইরান ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। এরপর ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের মুখোমুখি হবে এবং ২৭ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে তাদের শেষ গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হবে। ইনফান্তিনো জোর দিয়ে বলেন, ড্র অনুযায়ী নির্ধারিত স্থানেই এসব ম্যাচ অনুষ্ঠিত হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সন্দেহ দেখা দেয়। ইরানের ফুটবল ফেডারেশন ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার বিষয়ে ফিফার সঙ্গে আলোচনা করছিল। এ সময় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম প্রয়োজনে ইরানের ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে ইরান দলকে স্বাগত জানানোর আশ্বাস দিলেও পরে নিরাপত্তার কারণে তাদের অংশ না নেওয়ার পরামর্শ দেন। এর জবাবে ইরান জানায়, বিশ্বকাপ থেকে তাদের জাতীয় দলকে কেউ বাদ দিতে পারবে না।

এ প্রেক্ষাপটে ইনফান্তিনো বলেন, ফিফা বিশ্বকাপকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়।

তিনি আরও বলেন, ফিফা ভূ-রাজনৈতিক সংঘাতের সমাধান করতে না পারলেও ফুটবলের মাধ্যমে সেতুবন্ধন তৈরি এবং শান্তির বার্তা ছড়াতে কাজ করে যাচ্ছে।

এদিকে, তুরস্কে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে ইরানের খেলোয়াড়রা যুদ্ধের শিকারদের স্মরণে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে এবং স্কুল ব্যাগ হাতে ছবি তুলে নিহত শিশুদের প্রতি শ্রদ্ধা জানায়। দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে বিমান হামলায় ছাত্র-শিক্ষকসহ অন্তত ১৭০ জন নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত