চ্যালেঞ্জ কাপে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপের আর মাত্র ৫০ দিন বাকি। তবে এপ্রিলে পাকিস্তানে বিশ্বকাপ বাছাইপর্ব খেলার পর থেকে আন্তর্জাতিক ম্যাচে দেখা যায়নি নিগার সুলতানা জ্যোতির দলকে। সূচি ও আয়োজনের সীমাবদ্ধতায় নতুন কোনো সিরিজ না হওয়ায় প্রস্তুতিতে ফাঁক তৈরি হয়েছিল।

এই পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করেছে তিন দলের অভ্যন্তরীণ টুর্নামেন্ট-নারী চ্যালেঞ্জ কাপ ওয়ানডে চ্যাম্পিয়নশিপ। এতে খেলবে নারী ক্রিকেটারদের লাল ও সবুজ দল এবং একটি ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল।

রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে খেলবে। সব ম্যাচ হবে ওয়ানডে ফরম্যাটে এবং সাভারের বিকেএসপিতে। সিরিজ শুরু হচ্ছে আগামী সোমবার।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগে সিলেটে এক মাসের অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ দল। কয়েক দিনের বিরতির পর বিকেএসপিতে চলছে দ্বিতীয় ধাপের অনুশীলন। কর্মকর্তাদের বিশ্বাস, ম্যাচ পরিস্থিতিতে খেলার অভ্যাস বিশ্বকাপে পারফরম্যান্স উন্নত করবে।

এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায় ভাগ করে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২ অক্টোবর কলোম্বোতে, প্রতিপক্ষ পাকিস্তান। ২০২২ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশ সাত ম্যাচে একটি জয় পেয়েছিল, সেটিও পাকিস্তানের বিপক্ষে। নতুন আসরে তারা চাইছে সেই সাফল্যের সীমা ছাড়িয়ে যেতে।