শিয়া কাপকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। ফিটনেস ক্যাম্প, স্কিল অনুশীলন এবং নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ দিয়েই শেষ হবে প্রস্তুতির ধাপ। তবে শুধু এবারের টুর্নামেন্ট নয়, দীর্ঘমেয়াদি সাফল্যের দিকেও নজর দিচ্ছেন অধিনায়ক লিটন দাস ও প্রধান কোচ ফিল সিমন্স।
টি–টোয়েন্টি অধিনায়ক লিটন দাস নিজের বক্তব্যে বলেন, প্রতিশ্রুতি ও মনোযোগ থাকলেই সাফল্য আসবে, ‘আমরা যদি প্রতিশ্রুতিবদ্ধ ও মনোযোগী হই, আমি বিশ্বাস করি আমাদের ত্যাগ আগামী দিনে ফল হিসেবে অনূদিত হবে।’
ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও দলের পরিবেশ ও কোচদের সক্ষমতার গুরুত্ব তুলে ধরেন। তিনি মনে করেন, স্থানীয় শক্তি কাজে লাগাতে পারলে খেলোয়াড়রা আরও উন্নতি করবে।
বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স দলের সম্ভাবনা নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘জাতীয় দল বাংলাদেশের পতাকাবাহক। এখানে প্রতিভার কোনো অভাব নেই। খুব কম দলই বাংলাদেশের মতো পরিশ্রম করে। তবে প্রতিভা ও প্রচেষ্টার পাশাপাশি একতা এবং সঠিক দিকনির্দেশনা জরুরি। লক্ষ্যগুলোকে এক করলে, একে অন্যকে সমর্থন করলে দীর্ঘমেয়াদি সাফল্য আসবেই।’
আগামী ৩০ আগস্ট শুরু হবে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতি সিরিজ। এরপরই সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন, এরপর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।