লিটনের ফিফটি, বৃষ্টি বাঁচালো ডাচদের

বৃষ্টি ও ফ্লাডলাইট সমস্যার কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত হলো বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি। যদিও পূর্ণ ম্যাচ না হলেও ব্যাটিং-বোলিংয়ে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পেয়েছে বাংলাদেশ। সিরিজ শেষ করল ২-০ ব্যবধানে জয় নিয়ে।

টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ওপেনিংয়ে দেখা যায় লিটন দাস ও সাইফ হাসানকে। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন লিটন। দ্বিতীয় ওভারে স্পিনার ডোরামের বিপক্ষে একাই নেন ২২ রান। যদিও ইনিংসের মাঝপথে তিনি দুইবার জীবন পান। শেষ পর্যন্ত ৪৬ বলে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে গড়েন নতুন রেকর্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪টি ফিফটি।

তবে বাকিরা ছিলেন বেশ ধীর। হৃদয়, সাইফ ও শামীম তেমন কিছু করতে পারেননি। শেষ দিকে ঝলক দেখান সোহান (২২*) ও জাকের (২০*)। ১৮.২ ওভারে ১৬৪/৪ রান তোলে বাংলাদেশ, এরপর নামে বৃষ্টি।

জবাবে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস দ্রুত উইকেট হারাতে থাকে। একমাত্র আরিয়ান দত্ত ৩০ রান করেন। বাংলাদেশের হয়ে নাসুম নেন ৩ উইকেট, মুস্তাফিজ ও তাসকিন ২টি করে। ১৭.৩ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ১০৩/৯। ফ্লাডলাইট সমস্যার পর ফের বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি।

এই ম্যাচ দিয়েই শেষ হলো এশিয়া কাপের আগে বাংলাদেশের প্রস্তুতি পর্ব। আত্মবিশ্বাস নিয়েই এবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে লিটনরা।