পাকিস্তানকে ৮ উইকেটে হারালো বাংলাদেশ

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৬:৪৮ পিএম

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে পাত্তাই দিলো না বাংলাদেশ। পেসার নাহিদ রানার আগুনে বোলিং আর ওপেনার তানজিদ হাসান তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। মাত্র ১১৫ রানের লক্ষ্য বাংলাদেশ টপকে যায় মাত্র ১৫.১ ওভারে।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। দুই ওপেনার মাআজ সাদাকাত ও সাহিবজাদা ফারহান ৪১ রানের জুটি গড়েন। তবে এরপরই শুরু হয় নাহিদ রানার তাণ্ডব। নিজের গতি আর বাউন্সে একে একে ফিরিয়ে দেন সাহিবজাদা ফারহান (২৭), শামিল হুসেইন ও মাআজ সাদাকাতকে। এমনকি অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ানও (১০) তার শিকার হন। মাত্র ২৪ রান খরচায় ৫ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন নাহিদ। শেষদিকে ফাহিম আশরাফের ৩৭ রানের ওপর ভর করে পাকিস্তান ১১৫ রানে অলআউট হয়। মেহেদী মিরাজ নেন ৩টি উইকেট।

১১৬ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চড়াও হন তানজিদ হাসান। সাইফ হাসান দ্রুত বিদায় নিলেও অধিনায়ক শান্তকে নিয়ে ৮২ রানের জুটি গড়েন তানজিদ। শাহীন আফ্রিদি ও আবরার আহমেদকে মাঠের চারদিকে আছড়ে ফেলে নিজের পঞ্চম ওয়ানডে ফিফটি পূর্ণ করেন তিনি। তানজিদ মাত্র ৪২ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন, যেখানে ছিল ৭টি চার ও ৫টি বিশাল ছক্কার মার। অধিনায়ক শান্ত করেন ২৭ রান। ১৫.১ ওভারেই জয় নিশ্চিত করে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১১৫/১০ (ফাহিম ৩৭, ফারহান ২৭; নাহিদ ৫/২৪, মিরাজ ৩/২৪)
বাংলাদেশ: ১১৬/২ (তানজিদ ৬৭*, শান্ত ২৭; শাহীন ১/৩৩)
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।

FJ
আরও পড়ুন