নারী ওয়ানডে বিশ্বকাপে ভুলে যাওয়ার মতো একটা ম্যাচ খেলল বাংলাদেশ নারী দল। ভারতের বিশাখাপত্নমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই ছন্নছাড়া পারফরম্যান্সে নিগার সুলতানা জ্যোতিরা হেরে গেলেন ১০ উইকেটের বিশাল ব্যবধানে। এই জয়ের মাধ্যমে সেমিফাইনাল নিশ্চিত করেছে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভালো কিছুর প্রত্যাশায় মাঠে নামে বাংলাদেশ। কিন্তু শুরুটা ছিল হতাশাজনক। ওপেনার ফারজানা হক ২৪ বলে ৮ রান করে ফিরলে ৩২ রানের মধ্যেই ভাঙে প্রথম জুটি। দ্বিতীয় উইকেটে রুবিয়া হায়দার ঝিলিক ও শারমিন আক্তার মিলে ৪১ রানের জুটি গড়লেও সেটি স্থায়ী হতে পারেনি।
দারুণ ফর্মে থাকা ঝিলিক খেলেন ৫৯ বলে ৪৪ রানের ইনিংস, কিন্তু অন্য প্রান্তে কেউই তাকে সঙ্গ দিতে পারেননি। শেষ দিকে সোবহানা মোস্তারি একাই দলের ইনিংসকে টেনে নেন- ৮০ বলে অপরাজিত ৬৬ রান করে দলকে পৌঁছে দেন ১৯৮ রানে। এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের নারী ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, আলানা কিং ও জর্জিয়া ওয়ারহ্যাম দুটি করে উইকেট নেন।
১৯৯ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অস্ট্রেলিয়া। দুই ওপেনার অ্যালিসা হিলি ও ফোবি লিচফিল্ড এমনভাবে ব্যাটিং করেন, যেন স্কোরবোর্ডে চাপ নামক শব্দটাই নেই।
হিলি ৭৭ বলে অপরাজিত ১১৩ রান করে হাঁকান টানা দ্বিতীয় সেঞ্চুরি, আর লিচফিল্ড ৭২ বলে করেন অপরাজিত ৮৪ রান। কোনো উইকেট না হারিয়ে মাত্র ২৪.৫ ওভারেই জয় নিশ্চিত করে ফেলে অজিরা।
পাঁচ ম্যাচ খেলে এখনো অপরাজিত অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে সেমিফাইনাল। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ে বিশ্বকাপ শুরু করলেও পরের চার ম্যাচে পরপর হার বাংলাদেশের সেমিফাইনাল আশা কার্যত শেষ করে দিয়েছে!