প্রথম ম্যাচেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে তাইতো দল পিছিয়ে। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হেরে চাপে লিটন দাসের দল। আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজে টিকে থাকার লড়াইয়ে নামছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতাই হারের মূল কারণ হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে দল থেমে যায় ১৪৯ রানে। ১২ ওভারেই ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে লিটনরা, সেখান থেকেই কার্যত ম্যাচ হাতছাড়া হয়ে যায়। শেষদিকে তানজিম হাসান সাকিব (৩৩), নাসুম আহমেদ (২০), তাসকিন আহমেদ (১০) ও মুস্তাফিজুর রহমান (অপরাজিত ১১) কিছুটা প্রতিরোধ গড়লেও তাতে জয়ের আশা জাগেনি।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে শেষ দিকের ওভারগুলোয় ব্যাট ঝড় তোলেন শাই হোপ ও রোভম্যান পাওয়েল। ৮২ রানে তিন উইকেট হারানোর পর এই দুজন মিলে ৪৬ বলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে প্রতিযোগিতামূলক স্কোরে নিয়ে যান। সমান ২৮ বল খেলে হোপ ৪৬ ও পাওয়েল ৪৪ রানে অপরাজিত থাকেন; দুজনই মেরেছেন একটি করে চার ও চারটি করে ছক্কা।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, শুরুটা ভালো করতে না পারার কারণেই ম্যাচ হাতছাড়া হয়েছে, ‘আমি মনে করি তারা প্রথম ১০ ওভারে দারুণ ব্যাটিং করেছে। উইকেট কিছুটা ধীর ছিল। আমরা যদি শুরুতে উইকেট নিতে পারতাম, তাহলে ওদের ওপর চাপ থাকত।” তিনি আরও যোগ করেন, “শেষ ওভার ছাড়া পুরো ম্যাচে আমরা ভালো বোলিং করেছি। ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে।’
অন্যদিকে ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ দলের জয়ে সন্তুষ্ট। তিনি বলেন, ‘যখন পরিকল্পনাগুলো কাজ করে, তখন অধিনায়কত্ব সহজ হয়ে যায়। প্রথম ম্যাচে ছেলেরা সব বিভাগেই ভালো করেছে-এমন পারফরম্যান্স দেখে আমি খুশি।’
আজকের ম্যাচে বাংলাদেশ দলে কিছু পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে। অন্যদিকে জয়ের আত্মবিশ্বাসে ভর করে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে ওয়েস্ট ইন্ডিজ।
এ পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২০ বার; এর মধ্যে ৮টিতে জিতেছে বাংলাদেশ, ১০টিতে ওয়েস্ট ইন্ডিজ, দুটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। সিরিজে সমতা ফেরাতে হলে আজ জয়ের বিকল্প নেই লিটন দাসদের সামনে।
সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি, সরাসরি সম্প্রচার করবে টি–স্পোর্টস ও নাগরিক টিভি।