বিপিএলের পাঁচ দলের নাম চূড়ান্ত করল বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর ঘিরে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের আসরে থাকছে মোট পাঁচটি দল, আর তাদের নামও চূড়ান্ত করেছে বিসিবি নিজেই। ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও নাম পরিবর্তনের নানা বিতর্কের পর এবার বোর্ডই দায়িত্ব নিয়েছে নাম ঠিক করার।

পাঁচ দলের মধ্যে আগের নামেই মাঠে নামবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। রংপুরের মালিকানায় রয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, আর ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনা করবে রিমার্ক হারলেন।

অন্য তিনটি ফ্র্যাঞ্চাইজির পরিচয়ে এসেছে নতুনত্ব। চট্টগ্রামের মালিকানা পেয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড, দলটির নাম রাখা হয়েছে চট্টগ্রাম রয়্যালস। রাজশাহী অঞ্চলের দলটি নাবিল গ্রুপের অধীনে রাজশাহী ওয়ারিয়র্স নামে খেলবে। আর ‘ক্রিকেট উইথ সামি’র মালিকানায় সিলেট দলটির নতুন নাম সিলেট টাইটানস।

বিসিবি জানিয়েছে, প্রাথমিকভাবে মালিকানা পেলেও পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতে না পারলে ফ্র্যাঞ্চাইজিগুলো প্লেয়ার্স ড্রাফটে অংশ নিতে পারবে না।

বিপিএলের দ্বাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৭ নভেম্বর। টুর্নামেন্ট শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ ডিসেম্বর, আর ফাইনাল নির্ধারিত আছে ১৬ জানুয়ারি। বিসিবলের গভর্নিং কাউন্সিল জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সময়সূচি এমনভাবে সাজানো হয়েছে যাতে জাতীয় দলের প্রস্তুতিতে কোনো বাধা না আসে।

বিসিবি গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, এবার দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমেই নাম ও কাঠামো চূড়ান্ত করা হয়েছে, এবং মালিকানা বদল হলেও নাম পরিবর্তনের সুযোগ থাকবে না।

এ অবস্থায় বিপিএলের পাঁচ দল হলো-রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস।