বাংলাদেশ নারী ক্রিকেটে ঝড় তুলেছে সাবেক অধিনায়ক জাহানারা আলমের সাম্প্রতিক এক সাক্ষাৎকার। যৌন নিপীড়নের মতো সংবেদনশীল অভিযোগে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলোয়াড় থেকে শুরু করে কর্মকর্তারা-সবাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি, যাদের হাতে দেওয়া হয়েছে ১৫ দিনের সময়সীমা।
এই অস্থিরতার মধ্যেও সংযম ও ন্যায্যতার আহ্বান জানিয়েছেন বিসিবির বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর। টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আসিফ বলেন, ‘অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটা নিজেই এক ধরনের অপরাধ। বিসিবি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে, তদন্ত কমিটি করেছে। এখন আমাদের ১৫ দিন অপেক্ষা করা উচিত। এরপর যদি কিছু অস্বাভাবিক ঘটে, আমরা সেটি মোকাবিলা করব।’
আসিফ আকবর মনে করেন, নারী ক্রিকেটের বর্তমান সাফল্য ধরে রাখতে হলে অযথা বিতর্ক ও সমস্যাগুলোর দ্রুত নিষ্পত্তি জরুরি, ‘বাংলাদেশ নারী ক্রিকেট এখন যে উচ্চতায় আছে, সেটার ধারাবাহিকতা রাখতে হলে এই ফালতু সমস্যাগুলো কঠোরভাবে সমাধান করতে হবে। না হলে অগ্রগতি বাধাগ্রস্ত হবে।’
তবে তিনি একই সঙ্গে বোর্ডের নতুন সদস্য হিসেবে নিজেদের দায়িত্বশীল অবস্থানও তুলে ধরেন। ‘আমরা নতুন বোর্ড, দেড় মাস হলো দায়িত্ব নিয়েছি। চেষ্টা করছি যেন পুরোনো বিতর্কগুলো আর না ফিরে আসে, যেন ভবিষ্যতে আমরা স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রাখতে পারি,’ বলেন আসিফ।
অন্যদিকে, অভিযোগের মুখে থাকা মঞ্জু নিজের অবস্থান পরিষ্কার করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন অনুমাননির্ভর মন্তব্য না করেন।’ তিনি প্রশ্ন তুলেছেন, ‘আমার বিরুদ্ধে যদি এমন অভিযোগ থেকেই থাকে, তবে কেন বিসিবি এখনো কোনো ব্যবস্থা নেয়নি? কেন তারা আমাকে বরখাস্ত করেনি?’