ভিডিও বার্তায় ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজিত বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে আখ্যা দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বুধবার এক ভিডিও বার্তায় তিনি সংবাদকর্মীদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন এবং দায়ীদের বিরুদ্ধে তদন্তের আশ্বাস দিয়েছেন।

গত ৯ ও ১০ নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স। সারা দেশ থেকে বিসিবির কাউন্সিলর ও কোচরা অংশ নেন এই দুই দিনব্যাপী অনুষ্ঠানে। শেষ দিন আয়োজন করা হয়েছিল সমাপনী অনুষ্ঠান এবং বাংলাদেশের টেস্ট মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন। এ উপলক্ষে সংবাদ সম্মেলনেরও আয়োজন ছিল, যেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল সংবাদকর্মীদের।

তবে নির্ধারিত সময়ে উপস্থিত সাংবাদিকরা প্রবেশের সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং সংবাদ সম্মেলন বর্জন করেন। ওই ঘটনার পরদিন থেকেই বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয় ক্রিকেট মহলে ও গণমাধ্যমে।

আজ  ভিডিও বার্তায় বিসিবি সভাপতি বলেন, ‘গত ১০ নভেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠান ও বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা যে অনুষ্ঠানটি আয়োজন করেছিলাম, সেখানে আমি নিজেই আপনাদের আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু প্রস্তুতিতে কিছুটা সময় লেগে যাওয়ায় আপনাদের উপযুক্ত সম্মান জানানো হয়নি। আমরা ব্যর্থ হয়েছি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের কোন বিভাগ বা ডিপার্টমেন্টের কারণে এই ব্যর্থতা এসেছে, সেটি আমরা তদন্ত করব এবং যথাযথ ব্যবস্থা নেব।’

বুলবুল সাংবাদিকদের ক্রিকেটের ‘অবিচ্ছেদ্য অংশ’ হিসেবে উল্লেখ করে বলেন, ’আপনারাও আমাদের ক্রিকেটের বড় স্টেকহোল্ডার। ভুল আমরা করেছি, ভবিষ্যতে চেষ্টা করব যেন এমন ভুল আর না হয়। আপনারা পাশে থাকুন, আমরা সবাই মিলে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাব।’