বিশ্বকাপ খেলা হচ্ছে না বলে অদম্য বাংলাদেশ টি-২০ কাপ। গতকাল এই টুর্নামেন্টের তিনটি দল, অধিনায়ক ও কোচদের নাম জানিয়েছিল বিসিবি। রোববার (১ ফেব্রুয়ারি) জানিয়েছে তিন দলের স্কোয়াডে কারা জায়গা পেয়েছেন ও কবে কে কার মুখোমুখি হবে।
ধূমকেতু, দুর্বার ও দুরন্ত একাদশ; তিনটি দলের স্কোয়াডই সাজানো হয়েছে ১৭ জন করে ক্রিকেটার দিয়ে। লিটন দাসের নেতৃত্বাধীন ধূমকেতুর সবাই জাতীয় দলের নিয়মিত সদস্য। দুর্বার একাদশকে নেতৃত্ব দেবেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই দলের ক্রিকেটারদের প্রায় সবাই জাতীয় দলের আশপাশের। আর আকবর আলীর দুরন্তের দুজন বাদে অন্যদের জাতীয় দলে অভিষেক হয়নি।
লিটন দাসদের কোচের দায়িত্বে আছেন মোহাম্মদ সালাহউদ্দিন, তার সহকারী মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের কোচ মিজানুর রহমান বাবুল, সহকারী কোচ তুষার ইমরান। আর আকবরদের কোচ বিপিএল জয়ী হান্নান সরকার, রাজিন সালেহ তার সহকারী।
৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া আসরে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। প্রথম দিন মুখোমুখি ধূমকেতু ও দুরন্ত। পরের দিন ধূমকেতু ও দুর্বার। ৭ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুর্বার ও দুরন্ত। ৯ ফেব্রুয়ারি সেরা দুটি দলকে নিয়ে হবে ফাইনাল। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে, তার আগে ২ ঘণ্টা সাংস্কৃতিক অনুষ্ঠান।
মাঠে বসে এই টুর্নামেন্টের ম্যাচ দেখার জন্য সর্বনিম্ন ১০০ টাকা খরচ করতে হবে। পূবদিকের গ্যালারির টিকিট এই দামে পাওয়া যাবে। দক্ষিণ ও উত্তর পাশের স্ট্যান্ডের টিকিট মিলবে ২০০ টাকায়। ক্লাব হাউজের টিকিটের দাম ৫০০ করে। সর্বোচ্চ এক হাজার টাকা গুনতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের জন্য।
ধূমকেতু একাদশ স্কোয়াড
লিটন কুমার (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামিম হোসেন, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
দুর্বার একাদশ স্কোয়াড
হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ ও আল ফাহাদ।
দুরন্ত একাদশ স্কোয়াড
জিশান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম, আকবর আলী, আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আবদুল গাফ্ফার সাকলাইন, এমএস মেহরব, রাকিবুল হাসান, নাহিদ রানা ও ইকবাল হোসেন ইমন।