সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার সিদ্ধান্তটি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সোমবার (১১ মে) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ কে এম অলি উল্যাকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন-জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত আদেশে জানানো হয়েছে, কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাদের বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে।
চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। সে সময় ভারতে খেলার ক্ষেত্রে নিরাপত্তাশঙ্কার কথা জানিয়ে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন করেছিল বিসিবি। কিন্তু আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করায় তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেয় বাংলাদেশ।
তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সে সময় জানিয়েছিলেন, মূলত খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করেই সরকার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছিল। এখন নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে সেই সিদ্ধান্তের কারণ ও প্রক্রিয়াগুলো খতিয়ে দেখতেই এই তদন্ত কমিটি কাজ করবে।
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দল ঘোষণা