সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনাল

আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই আজ। নেপালের পোখারায় শিরোপা নির্ধারণী ম্যাচে শনিবার (৭ ফেব্রুায়ারি) মুখোমুখি হচ্ছে দক্ষিণ এশিয়ার দুই ফুটবল পরাশক্তি বাংলাদেশ ও ভারত। বেলা ৩টায় শুরু হতে যাওয়া এই ম্যাচকে ঘিরে দুই দেশেই বিরাজ করছে টানটান উত্তেজনা।

২০২৪ সালের নাটকীয় ফাইনালের স্মৃতি এখনো ফুটবলপ্রেমীদের মনে অম্লান। সেবার ঢাকার কমলাপুরে বাংলাদেশ ও ভারতের ফাইনাল ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকার ১১-১১ সমতায় শেষ হয়। দীর্ঘ নাটকের পর দুই দেশকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। তবে এবার পোখারার মাঠে বাংলাদেশের লক্ষ্য এককভাবে ট্রফি জয়।

গ্রুপপর্বে ভারতকে ২-০ গোলে হারিয়ে মানসিকভাবে এগিয়ে আছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ফাইনালে ইনজুরি ও মাঠের সমস্যা নিয়ে কিছুটা চিন্তিত প্রধান কোচ পিটার বাটলার। 

তিনি বলেন, ‘অনুশীলনের মাঠ খেলার উপযোগী নয়, যা নিয়ে অন্য দেশগুলোও উদ্বেগ প্রকাশ করেছে। ইনজুরির কারণে আমাদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে সংশয় আছে। আমার প্রথম লক্ষ্য একটি সুস্থ দল মাঠে নামানো।’

ভারতের কৌশল সম্পর্কে বাটলার বলেন, ‘ওরা কীভাবে খেলে সে সম্পর্কে আমার ধারণা পরিষ্কার। তাদের দলে বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় আছে। তাদের আবারও হারাতে হলে আমাদের সেরা ফর্মে থাকতে হবে। বিশেষ করে রিজার্ভ বেঞ্চের শক্তি আজ বড় ভূমিকা রাখবে।’

পরিসংখ্যান বলছে, অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এর আগে দুবার ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। ২০২১ সালে বাংলাদেশ ১-০ গোলে জিতলেও ২০২২ সালে দুদলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। আজকের ম্যাচে জয় পেলে বাংলাদেশ পুনরায় দক্ষিণ এশিয়ার একক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।