যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও ইরান বিশ্বকাপে 'অবশ্যই' অংশ নেবে বলে স্পষ্ট জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার ভাষায়, সব ধরনের অনিশ্চয়তা ও জল্পনা কাটিয়ে ইরানের অংশগ্রহণ 'নিশ্চিতভাবেই' হচ্ছে।
সিএনবিসির এক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে ইনফান্তিনো বলেন, সাম্প্রতিক সংঘাতের কারণে ইরানের অংশগ্রহণ নিয়ে নানা প্রশ্ন উঠলেও শেষ পর্যন্ত দলটি বিশ্বকাপে অংশ নেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি আশাবাদ ব্যক্ত করেন, টুর্নামেন্টের সময়ের মধ্যে পরিস্থিতি শান্ত হবে, যা সবার জন্য ইতিবাচক হবে। তিনি আরও বলেন, ইরান ইতোমধ্যেই যোগ্যতা অর্জন করেছে এবং দলটির খেলোয়াড়রা খেলতে আগ্রহী। তার মতে, একটি জাতীয় দল তাদের দেশের প্রতিনিধিত্ব করে এবং সেই সুযোগ থেকে তাদের বঞ্চিত করা উচিত নয়।
দুই সপ্তাহ আগে তুরস্কের আনতোলিয়ায় ইরানের জাতীয় দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন উল্লেখ করে ইনফান্তিনো বলেন, দলটি ভালো মানের এবং তারা মাঠে নামার জন্য প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখা উচিত।
তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, বাস্তব বিশ্বে খেলাধুলা ও রাজনীতিকে পুরোপুরি আলাদা রাখা সবসময় সম্ভব হয় না। তবুও ফিফা এই দুইয়ের মধ্যে সেতুবন্ধন তৈরির চেষ্টা করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। সূচি অনুযায়ী, ইরান তাদের গ্রুপপর্বের দুটি ম্যাচ ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে এবং একটি ম্যাচ সিয়াটলে খেলবে।
সূত্র: সিএনএন