যুক্তরাজ্যের ধনী ক্রীড়াবিদদের তালিকায় বেকহ্যাম

যুক্তরাজ্যের ক্রীড়া ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যাম। দেশের প্রথম বিলিয়নিয়ার বা শতকোটিপতি ক্রীড়াবিদ হিসেবে ইতিহাস গড়েছেন সাবেক এই ইংলিশ অধিনায়ক। ২০২৬ সালের ‘সানডে টাইমস রিচ লিস্ট’-এ এই তথ্য উঠে এসেছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ডেভিড বেকহ্যাম ও তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যামের সম্মিলিত সম্পদের পরিমাণ বর্তমানে ১ দশমিক ১৮৫ বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে। ব্রিটিশ ক্রীড়াবিদদের মধ্যে সম্পদের দিক থেকে বর্তমানে তাদের অবস্থান দ্বিতীয়। এই তালিকার শীর্ষে রয়েছে সাবেক ফর্মুলা ওয়ান প্রধান বার্নি একলেস্টোনের পরিবার, যাদের মোট সম্পদের পরিমাণ প্রায় ২ বিলিয়ন পাউন্ড।

তালিকায় অন্যান্য ক্রীড়াবিদদের মধ্যে উত্তর আয়ারল্যান্ডের গলফ তারকা রোরি ম্যাকিলরয় সপ্তম স্থানে রয়েছেন। টানা দ্বিতীয়বার মাস্টার্স শিরোপা জেতার পর তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩২৫ মিলিয়ন পাউন্ড। 

অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের সহ-মালিক জিম র‍্যাটক্লিফ যুক্তরাজ্যের সামগ্রিক ধনীদের তালিকায় কিছুটা পিছিয়ে গেছেন। এক বছরে ১ দশমিক ৮৫ বিলিয়ন পাউন্ড সম্পদ কমে বর্তমানে ১৫ দশমিক ১৯৪ বিলিয়ন পাউন্ড নিয়ে তিনি সপ্তম থেকে নবম স্থানে নেমে এসেছেন।

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১১৫টি ম্যাচ খেলা বেকহ্যাম ক্লাব ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, এলএ গ্যালাক্সি, এসি মিলান ও পিএসজির মতো বড় ক্লাবগুলোতে দাপটের সঙ্গে খেলেছেন। ২০১৩ সালে ফুটবল থেকে অবসর নিলেও বিজ্ঞাপনী চুক্তি, ফ্যাশন জগত এবং ইন্টার মায়ামির মতো ফুটবল ক্লাবে বিনিয়োগের মাধ্যমে নিজের সম্পদকে আকাশচুম্বী করেছেন তিনি।

ফুটবলে বিশেষ অবদানের জন্য ২০০৩ সালেই ‘অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ (ওবিই) পদবি পাওয়া বেকহ্যাম এখন কেবল একজন খেলোয়াড় নন, বরং বিশ্বজুড়ে এক সফল বাণিজ্যিক আইকন।