বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে মুক্তি পেল আসরের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’। কলম্বিয়ান পপ কুইন শাকিরা এবং নাইজেরিয়ান সেনসেশন বুর্না বয়ের দ্বৈত কণ্ঠে গাওয়া এই গানটি আজ শুক্রবার (১৫ মে) বিশ্বের বড় সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হয়েছে। সপ্তাহখানেক আগে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে চিত্রায়িত ১ মিনিট ৭ সেকেন্ডের একটি টিজার দিয়ে ভক্তদের মাঝে যে কৌতূহল তৈরি হয়েছিল, ৩ মিনিট ৪৫ সেকেন্ডের পূর্ণাঙ্গ গানটি প্রকাশের মাধ্যমে তার অবসান ঘটলো।
ফিফা জানিয়েছে, এই গান থেকে অর্জিত যাবতীয় রয়্যালটি তাদের ‘গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে’ জমা হবে। বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা এবং ফুটবলে সমান সুযোগ নিশ্চিত করতে টুর্নামেন্ট শেষে এই তহবিল থেকে ১০ কোটি ডলার ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া ইতিহাসের বৃহত্তম এই বিশ্বকাপ আসর শুরু হবে ১১ জুন এবং পর্দা নামবে ১৯ জুলাই। ফিফা আরও বড় চমক দিয়ে জানিয়েছে, নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য ফাইনালের হাফ টাইমে পারফর্ম করবেন বিশ্বখ্যাত তারকা ম্যাডোনা, শাকিরা এবং কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস (BTS)।
বিশ্বকাপের থিম সংয়ের সঙ্গে শাকিরার সম্পর্ক বেশ পুরনো। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের আকাশচুম্বী জনপ্রিয় গান ‘ওয়াকা ওয়াকা’র প্রধান কণ্ঠশিল্পী ছিলেন তিনি। এছাড়া ২০০৬ ও ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে মঞ্চ মাতিয়েছিলেন এই ল্যাটিন তারকা। এবার ‘দাই দাই’ গানের মাধ্যমে আবারও বৈশ্বিক ফুটবলের সুরের জাদুতে ফিরে এলেন তিনি।