এবার আটকে গেলো ইরান দলের স্টাফদের ভিসা

বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রে ইরানের ফুটবল দলকে ঘিরে নতুন কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ইরান অভিযোগ করেছে, জাতীয় দলের কিছু গুরুত্বপূর্ণ ব্যাকরুম স্টাফকে ভিসা দেওয়া হয়নি, যা খেলাধুলায় রাজনৈতিক হস্তক্ষেপ বলে তারা দাবি করছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, ইরানের খেলোয়াড় এবং প্রয়োজনীয় কিছু সহায়ক স্টাফকে ভিসা দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে সতর্ক করে বলা হয়, এই ব্যবস্থার অপব্যবহার করে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করা যাবে না।

ইরানের দূতাবাসের অভিযোগ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং পরিকল্পিত বৈষম্যমূলক আচরণের অংশ। তাদের দাবি, দলের ব্যবস্থাপনা ও টেকনিক্যাল স্টাফের একটি বড় অংশকে ইচ্ছাকৃতভাবে ভিসা থেকে বঞ্চিত করা হয়েছে।

এই ঘটনায় ফিফার হস্তক্ষেপও দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ গণমাধ্যম জানায়, দলের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদেরও ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে।

২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে। এমন পরিস্থিতিতে আয়োজক দেশ ও অংশগ্রহণকারী দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা যোগ করেছে।

ইরান তাদের প্রস্তুতি শিবির যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে মেক্সিকোতে সরিয়ে নিয়েছে আগেই।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একাংশের বক্তব্যে বলা হয়েছে, ইরানের প্রতিনিধিদলে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সঙ্গে সংশ্লিষ্ট কেউ থাকলে তাদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

সব মিলিয়ে বিশ্বকাপ মাঠের বাইরেও এখন রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে ইরানের অংশগ্রহণ। সূত্র: আলজাজিরা