২০১০ বিশ্বকাপের পুনরাবৃত্তি চায় না মেক্সিকো

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপ–এর পর্দা উঠছে বৃহস্পতিবার (১১ জুন)। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ম্যাচটি অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে।

বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় দুটি আসরের আয়োজক এই স্টেডিয়ামেই একসময় শিরোপা জিতেছিলেন পেলে ও ডিয়েগো ম্যারাডোনা। এবারও সেই মাঠেই শুরু হচ্ছে নতুন বিশ্বকাপের যাত্রা।

মজার বিষয় হলো, ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। সেবার স্বাগতিক দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত এক গোল করেছিলেন সিফিওয়ে শাবালালা। পরে মেক্সিকোর কিংবদন্তি রাফায়েল মার্কেজ গোল করে ম্যাচটি ১-১ সমতায় শেষ করেন। সেই ম্যাচটিও হয়েছিল ১১ জুন।

মেক্সিকোর কোচ হাভিয়ের আগিরে নিজের তৃতীয় মেয়াদে দলকে বেশ ছন্দে এনেছেন। স্বাগতিকরা গত আট ম্যাচে অপরাজিত, যার মধ্যে রয়েছে পর্তুগাল ও বেলজিয়ামর বিপক্ষে ড্র এবং সার্বিয়াকে ৫-১ গোলে হারানোর সাফল্য।

এ ম্যাচের স্পটলাইট থাকবে ১৭ বছর বয়সী গিলবার্তো মোরার দিকে। মাঠে নামলেই তিনি হবেন বিশ্বকাপে খেলা সবচেয়ে কম বয়সী কনকাকাফ ফুটবলারদের একজন।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার জন্য বিশ্বকাপে ফেরার পথ ছিল বেশ কঠিন। কোচ হুগো ব্রুস–এর অধীনে দলটি আকর্ষণীয় ফুটবল খেললেও সাম্প্রতিক সময়ে গোল করতে ভুগছে। শেষ চার ম্যাচে কোনো জয় পায়নি তারা।

তবে ইতিহাস দক্ষিণ আফ্রিকাকে কিছুটা আশা দেখাতে পারে। মেক্সিকোর বিপক্ষে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে তারা; একটি জিতেছে, অন্যটি ড্র করেছে। ফলে স্বাগতিকদের বিপক্ষে চমক দেখানোর স্বপ্ন দেখতেই পারে আফ্রিকান প্রতিনিধিরা।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ভালো শুরুর লক্ষ্য নিয়ে মাঠে নামবে দুই দলই। তবে ঘরের মাঠ, দর্শক সমর্থন ও সাম্প্রতিক ফর্মের বিচারে ম্যাচটিতে কিছুটা এগিয়ে থাকছে মেক্সিকো। সূত্র: ইএসপিএন