সোমালি রেফারির ভিসা প্রত্যাখান, ফিফা সভাপতি বললেন 'রিল্যাক্স'

আপডেট : ১১ জুন ২০২৬, ০৪:৪৩ পিএম

বিশ্বকাপ ফুটবল ২০২৬ মাঠে গড়ানো কেবল আর কয়েক ঘন্টার ব্যাপার। তার আগে সংবাদ সম্মেলনে বিতর্কিত প্রশ্নের মুখোমুখি হলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সোমালিয়ার রেফারি ওমর আরতানের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা পাওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে শান্ত থাকার আহ্বান জানিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, 'চিল অ্যান্ড রিল্যাক্স'।

বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল আরতানের। সুযোগ পেলে তিনিই হতেন বিশ্বকাপের ইতিহাসে প্রথম সোমালি রেফারি। তবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত তিনি টুর্নামেন্টে অংশ নিতে পারেননি।

সোমালিয়া যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর একটি। যদিও আরতান মনে করেছিলেন, তার বৈধ ভিসা রয়েছে এবং তিনি দেশটিতে প্রবেশ করতে পারবেন। এ ঘটনায় আন্তর্জাতিক মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ প্রসঙ্গে ইনফান্তিনো বলেন, 'ওমরের সঙ্গে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। কিন্তু সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা চেষ্টা করি, আলোচনা করি এবং সমাধানের জন্য উপায় খুঁজি।'

তিনি আরও বলেন, কখনো কখনো চিৎকার-চেঁচামেচির পরিবর্তে ধৈর্য ধরাও প্রয়োজন। তার ভাষায়, 'শান্ত থাকুন, পরিস্থিতি বুঝুন। আমরা সবসময় সমাধানের চেষ্টা করি। আমরা বিশ্বের রাজা নই যে কোনো দেশের সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিতে পারব।'

‘শান্ত থাকুন’ মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে ইনফান্তিনো বলেন, কোনো দেশের সরকার কাকে প্রবেশের অনুমতি দেবে, সে সিদ্ধান্ত তাদের নিজস্ব বিষয়। নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তকে সম্মান জানানো প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

ফিফা সভাপতি জোর দিয়ে বলেন, শান্ত থাকার আহ্বান জানাচ্ছি বলে আমরা নিষ্ক্রিয় নই। বরং ফিফা সংশ্লিষ্ট সমস্যাগুলোর সমাধানে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। সূত্র: স্কাই স্পোর্টস

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত