২০২৬ ফিফা বিশ্বকাপ–এ নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া ও চেকিয়া। গ্রুপ ‘এ’-এর ম্যাচে স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকোর গুয়াদালাহারার এস্তাদিও চিভাস স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
দীর্ঘ ২০ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরেছে চেকিয়া। অন্যদিকে দক্ষিণ কোরিয়া বাছাইপর্বে অপরাজিত থেকে জায়গা করে নিয়েছে আসরে। স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত তুলনামূলক সহজ গ্রুপ হওয়ায় দুই দলের সামনেই নকআউট পর্বে ওঠার বাস্তব সুযোগ রয়েছে।
দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় ভরসা অধিনায়ক সন হিউং-মিন। ৩৩ বছর বয়সী এই তারকার জন্য এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে তার কাঁধেই থাকবে দলের সবচেয়ে বড় প্রত্যাশার ভার।
কোচ হং মিয়ং-বো, যিনি ২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক সেমিফাইনাল যাত্রার সদস্য ছিলেন, এবারও দলকে নকআউটে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন। তবে মিডফিল্ডে একাধিক চোটের কারণে তাকে কৌশলগত পরিবর্তন আনতে হয়েছে।
সনের পাশাপাশি আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন লি কাং-ইন ও লি জে-সুং। চেকিয়ার শারীরিক শক্তির বিপরীতে গতি ও মুভমেন্টই হতে পারে কোরিয়ানদের প্রধান অস্ত্র।
অন্যদিকে চেকিয়া প্রস্তুতি ম্যাচগুলো নির্বিঘ্নে শেষ করেছে। কোচ ইভান কৌবেক–এর দল কোনো বড় ইনজুরি সমস্যা ছাড়াই মাঠে নামছে। দীর্ঘদিন পর বিশ্বকাপে ফিরে চমক দেখানোর লক্ষ্য তাদেরও।
অতীত পরিসংখ্যানে দুই দল তিনটি প্রীতি ম্যাচ খেলেছে। সেখানে একটি করে জয় পেয়েছে উভয় দল। ফলে বিশ্বকাপের এই লড়াইয়ে স্পষ্ট কোনো ফেভারিট নেই। সূত্র: ইএসপিএন