চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার, স্বস্তিতে ইংল্যান্ড

বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছিল ইংল্যান্ড ফুটবল দল। কানসাস সিটিতে দলীয় সরঞ্জাম চুরির ঘটনায় দুইজনকে আটক করেছে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের পুলিশ। তবে স্বস্তির খবর হলো, চুরি হওয়া বেশিরভাগ সরঞ্জাম ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে।

স্কাই স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড দলের নতুন অনুশীলন কেন্দ্রে সরঞ্জাম পাঠানোর সময় এই ঘটনা ঘটে। খেলোয়াড়দের বুট, ফুটবল এবং অনুশীলনের বিভিন্ন সরঞ্জাম বহনকারী চালান থেকে উল্লেখযোগ্য পরিমাণ সামগ্রী চুরি হয়।

ঘটনার পরপরই তদন্ত শুরু করে স্থানীয় পুলিশ। মিসৌরি পুলিশ জানিয়েছে, দলীয় একটি যানবাহন কানসাস সিটিতে পৌঁছানোর পর কিছু সরঞ্জাম নিখোঁজ থাকার বিষয়টি সামনে আসে। তদন্তের অংশ হিসেবে দুই সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘একটি দলীয় গাড়ি থেকে সরঞ্জাম চুরির সম্ভাব্য ঘটনা তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে দুইজনকে আটক করা হয়েছে।’

তবে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে চুরি হওয়া অধিকাংশ সরঞ্জাম উদ্ধার হওয়ায় ইংল্যান্ড দলের প্রস্তুতিতে বড় ধরনের প্রভাব পড়বে না বলেই আশা করা হচ্ছে।

এ বিষয়ে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। সংস্থাটি শুধু জানিয়েছে, বিষয়টি এখন স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তাধীন।

বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে ইংল্যান্ড দলের সরঞ্জাম পরিবহন একটি জটিল ও বিস্তৃত প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করা হয়। অনুশীলনের জন্য প্রয়োজনীয় ফুটবল, বুট, জার্সি, কোন, প্রশিক্ষণ ডামি ও অন্যান্য সামগ্রী খেলোয়াড়দের আগেই নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

শনিবার (১৩ জুন) স্থানীয় সময় কানসাস সিটিতে পৌঁছানোর কথা ইংল্যান্ড দলের। আগামী বুধবার (১৭ জুন) ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে থ্রি লায়ন্সরা। চুরির ঘটনায় সাময়িক উদ্বেগ তৈরি হলেও সরঞ্জাম উদ্ধারের খবরে এখন অনেকটাই স্বস্তিতে ইংল্যান্ড শিবির। সূত্র: স্কাই স্পোর্টস