বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামতে না পারলেও লড়াইয়ের মানসিকতায় কোনো ঘাটতি নেই নেইমারের। ইনজুরির কারণে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে অনুপস্থিত থাকতে হলেও সমর্থকদের উদ্দেশে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন সেলেসাও তারকা।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে নেইমার লিখেছেন, ‘যে কোনো চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত।’ তার এই সংক্ষিপ্ত বার্তাই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সমর্থকদের মধ্যে।
তবে নেইমারের এই বার্তার মধ্যেই বাস্তবতা হলো, বিশ্বকাপের শুরুতেই তাকে পাচ্ছে না ব্রাজিল। রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ জার্সিতে গ্রুপ ‘সি’-এর ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই ম্যাচে নেইমারের খেলা হচ্ছে না বলে কার্যত নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ইতালিয়ান এই কোচ জানান, চোট কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম করছেন নেইমার এবং আগামী সপ্তাহে তিনি পূর্ণমাত্রার দলীয় অনুশীলনে ফিরতে পারেন।
আনচেলত্তি বলেন, ‘নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য খুব কঠোর পরিশ্রম করছে। আশা করছি আগামী সপ্তাহেই সে দলীয় অনুশীলনে পুরোপুরি ফিরতে পারবে।’
শুধু মাঠের পারফরম্যান্স নয়, দলের ভেতরে তার প্রভাবের কথাও তুলে ধরেন ব্রাজিল কোচ। তিনি বলেন, ‘নেইমারকে আমরা শুধু তার ফুটবল প্রতিভার জন্য দলে নিইনি। তার অভিজ্ঞতাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সে তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা এবং উদাহরণ হতে পারে।’
তাই বিশ্বকাপের শুরুটা বেঞ্চে বসে দেখলেও নেইমারের দৃষ্টি এখন সামনের দিকে। তার বার্তাও যেন সেটিই বলে—চ্যালেঞ্জ যত বড়ই হোক, ফেরার প্রস্তুতি নিয়ে রেখেছেন ব্রাজিলের এই মহাতারকা।