ফুটবল বিশ্বে গত এক দশকের অন্যতম আলোচিত দ্বৈরথগুলোর একটি ছিল মোহাম্মদ সালাহ ও কেভিন ডি ব্রুইনার প্রতিদ্বন্দ্বিতা। ক্লাব ফুটবলে অসংখ্যবার একে অপরের বিপক্ষে লড়েছেন তারা। এবার সেই দুই তারকা বিশ্বকাপের মঞ্চে হয়তো শেষবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন।
মঙ্গলবার (১৬ জুন) ‘ই’ গ্রুপে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে মিসর। ম্যাচটি ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে দুই দলের অধিনায়ক সালাহ ও ডি ব্রুইনা।
দুজনই নিজেদের দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত। দীর্ঘ সময় ধরে ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলে তারা অসংখ্য ব্যক্তিগত ও দলীয় সাফল্য অর্জন করেছেন। তবে বয়সের কারণে এটি দুজনেরই শেষ বিশ্বকাপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মিসরের আক্রমণভাগের প্রধান ভরসা সালাহ। তার নেতৃত্বেই দীর্ঘ অপেক্ষার পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরেছে উত্তর আফ্রিকার দলটি। অন্যদিকে ডি ব্রুইনার কাঁধে রয়েছে বেলজিয়ামের নতুন প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব।
প্রিমিয়ার লিগে একসময় শিরোপার লড়াইয়ে সালাহর লিভারপুল ও ডি ব্রুইনার ম্যানচেস্টার সিটি ছিল একে অপরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। সেই প্রতিদ্বন্দ্বিতার অসংখ্য স্মরণীয় অধ্যায় লেখা হয়েছে ইংল্যান্ডের ফুটবলে।
এবার বিশ্বকাপের আলোয় দুই মহাতারকার আরেকটি অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। ম্যাচের ফল যাই হোক, ফুটবলপ্রেমীদের জন্য এটি হতে পারে আধুনিক যুগের দুই আইকনের শেষ বিশ্বকাপ-দ্বৈরথ দেখার বিরল সুযোগ।
মিসর ও বেলজিয়াম, দুই দলই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায়। আর সেই লক্ষ্য পূরণে সবচেয়ে বড় ভরসা হয়তো সালাহ ও ডি ব্রুইনাই। সূত্র: স্কাই স্পোর্টস